রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সিএনজিচালিত অটোরিকশা ও কাঠবোঝাই নসিমনের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং একজন আহত হয়েছেন।
বুধবার (২৯ জুলাই) রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটের দিকে রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সৈয়দবাড়ি হরিনগেইট এলাকায় ড্রিম রেস্টুরেন্টের পূর্ব পাশে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মরিয়মনগর থেকে রোয়াজারহাটগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাঠবোঝাই একটি নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা দুই যাত্রী আহত হন।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মরিয়মনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৌলভীপাড়া এলাকার বাসিন্দা মৃত বদিউল আলমের ছেলে হাফেজ মো. নুরুল হক (৬০)-কে মৃত ঘোষণা করেন।
অপর আহত দিলুয়ারা বেগম (৩৯) একই এলাকার বাসিন্দা এবং নিহতের ভাগ্নি। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাকির বলেন, দুর্ঘটনায় জড়িত সিএনজিচালিত অটোরিকশা ও কাঠবোঝাই নসিমন থানা হেফাজতে নেওয়া হয়েছে। এছাড়া নসিমনের চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
