মৃত্যুর আগে ফেসবুকে পোস্ট, রাঙ্গুনিয়ায় তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের হিলাগাজীপাড়া এলাকায় নীরব ইমন নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩ আগস্ট) দুপুরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে খবর পেয়ে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

মৃত্যুর আগে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট করেছিলেন নীরব ইমন। ওই পোস্টে তিনি ব্যক্তিগত সম্পর্ক, মানসিক কষ্ট ও হতাশার নানা অনুভূতির কথা প্রকাশ করেন। পোস্টটি তদন্তের অংশ হিসেবে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, নীরব ইমন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, কর্মসংস্থানের উদ্দেশ্যে অদূর ভবিষ্যতে প্রবাসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন নীরব ইমন। নতুন জীবন শুরু করার নানা পরিকল্পনাও ছিল তার। তবে সেই স্বপ্ন আর বাস্তবায়িত হলো না।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন বলেন, কিছুদিন আগে ইমনের বিরুদ্ধে ইভটিজিংয়ের একটি অভিযোগ উঠেছিল। পরে বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করা হয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং মৃত্যুর আগে দেওয়া ফেসবুক পোস্টসহ ঘটনার সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।