রাঙ্গুনিয়ায় ইয়াবা ও চোলাই মদসহ চারজন গ্রেপ্তার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পৃথক অভিযানে ১০ পিস ইয়াবা, ১০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও মদ পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করেছে পুলিশ। এ সময় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত পৃথক অভিযানে উপজেলার পারুয়া ইউনিয়নের জঙ্গল পারুয়া এলাকা থেকে মো. জুয়েল রানা (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অপরদিকে, হোছনাবাদ ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে মো. আবছার উদ্দীন (২৮), টিপু সরদার (২৬) ও হৃদয় দাশকে (২৮) গ্রেপ্তার করা হয়। তাদের দখল থেকে ১০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং মদ পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।