হালদার জোয়ারের পানিতে ডুবছে সড়ক-লোকালয়, দ্রুত স্লুইসগেট নির্মাণের দাবি

মো. আলাউদ্দীন আরিফ, হাটহাজারী (চট্টগ্রাম): চট্টগ্রামের হাটহাজারীতে হালদা নদীর জোয়ারের পানি প্রতিদিন লোকালয়ে ঢুকে সড়ক ও বাড়িঘর তলিয়ে যাচ্ছে। এতে গড়দুয়ারা ও মেখল ইউনিয়নের কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। জোয়ারের পানি সড়কে উঠে যাওয়ায় প্রতিদিন দুই থেকে তিন ঘণ্টা পর্যন্ত উপজেলা সদরের সঙ্গে সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। দ্রুত সমস্যা সমাধানে স্লুইসগেট নির্মাণ ও খাল সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

হালদা নদীর তীরবর্তী গড়দুয়ারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গচ্চালি শাখা খালের পশ্চিম পাশ দিয়ে এবং দায়মুদ্দিন সারাং বাড়ির উত্তর পাশ দিয়ে প্রতিদিন জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করে। এতে গড়দুয়ারা ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ড এবং মেখল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়।

সরেজমিনে দেখা যায়, জোয়ারের পানিতে মেখল-আজিজিয়া-মজিদিয়া সড়কের বিভিন্ন অংশ দুই থেকে তিন ফুট পানির নিচে তলিয়ে যায়। ফলে জোয়ারের সময় ওই সড়কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে পড়ে। পানি না নামা পর্যন্ত শিক্ষার্থী, চাকরিজীবী, শ্রমজীবী ও সাধারণ যাত্রীদের সড়কে অপেক্ষা করতে হয়। অনেক সময় পানি নেমে যাওয়ার পরও যান চলাচল স্বাভাবিক হতে আরও কয়েক ঘণ্টা সময় লাগে।

স্থানীয়রা জানান, হালদার জোয়ারের পানি সরাসরি গচ্চালি শাখা খাল দিয়ে লোকালয়ে ঢুকে পড়ায় অনেকের বাড়িঘরেও পানি প্রবেশ করে। জোয়ারের তীব্র স্রোতে বিভিন্ন স্থানে রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে প্রতিদিনের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

গড়দুয়ারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সংবাদকর্মী খোরশেদ আলম শিমুল, শফিক আহমদ ভুট্টু ও কামাল হোসেন বলেন, হালদা নদীর জোয়ারের পানি সরাসরি গচ্চালি শাখা খাল হয়ে লোকালয়ে প্রবেশ করে। এতে অনেকের বাড়িঘরে পানি ঢুকে যায়। কোমলমতি শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে পানির মধ্যে দিয়ে চলাচল করতে হচ্ছে।

পূর্ব মেখল এলাকার সিএনজি চালিত অটোরিকশাচালক মোহাম্মদ সেলিম, সেকান্দর, রায়হান ও মহরম বলেন, জোয়ারের কারণে আজিজিয়া-মজিদিয়া সড়কে দুই থেকে তিন ঘণ্টা পানি জমে থাকে। এ সময় যানবাহন চলাচল করা যায় না। গাড়ি চালাতে না পারায় তাদের আয়-রোজগারও বন্ধ থাকে। এতে পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিন কাটাতে হচ্ছে।

গড়দুয়ারা ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মুহতাদি কাউনাইন মিহরাব, হাটহাজারী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জুলহাজ আনোয়ার ও তারেক আহমদসহ কয়েকজন শিক্ষার্থী জানায়, বিকেল ৪টায় স্কুল-কলেজ ছুটির পর হাটহাজারী কলেজ গেট এলাকায় সড়কে জোয়ারের পানি থাকলে সিএনজি অটোরিকশাগুলো গড়দুয়ারার দিকে যেতে চায় না। ফলে সড়ক থেকে পানি না নামা পর্যন্ত তাদের হাটহাজারীতেই অপেক্ষা করতে হয়।

স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে রক্ষা পেতে গড়দুয়ারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে হালদা নদীর শাখা খালের মুখে দ্রুত একটি স্লুইসগেট নির্মাণ করতে হবে। একই সঙ্গে শাখা খাল সংস্কার ও খালের পাড় উঁচু করা প্রয়োজন।

তাদের দাবি, দ্রুত স্লুইসগেট নির্মাণ ও খাল সংস্কার করা হলে জোয়ারের পানি নিয়ন্ত্রণের পাশাপাশি সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখা এবং এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করা সম্ভব হবে।