চট্টগ্রাম: সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে ট্রাফিক সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএমের নির্দেশনায় এরই ধারাবাহিকতায় সম্প্রতি হাটহাজারী গোলচত্বর, ফটিকছড়ির বিবিরহাট বাসস্ট্যান্ড, রাঙ্গুনিয়া থানার রোয়াজারহাট এবং রাউজানের নোয়াপাড়া এলাকায় ট্রাফিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় ট্রাফিক পুলিশ সদস্যরা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যানবাহনের চালক, পথচারী ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ও পথসভা করেন। পাশাপাশি সিএনজি অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালকদের মধ্যে ট্রাফিক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
পথসভায় চালকদের বেপরোয়া ও অতিরিক্ত গতিতে গাড়ি না চালানো, ওভারটেকিংয়ের সময় সতর্কতা অবলম্বন, নির্ধারিত লেন ও সড়ক সংকেত মেনে চলা, মোটরসাইকেল চালানোর সময় বাধ্যতামূলকভাবে হেলমেট ব্যবহার এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করার বিষয়ে সচেতন করা হয়। এছাড়া ক্লান্ত বা অসুস্থ অবস্থায় গাড়ি না চালানোর জন্যও চালকদের পরামর্শ দেওয়া হয়।
এ ছাড়া পথচারীদের রাস্তা পারাপারের সময় সতর্কতা অবলম্বন এবং চালকদের যাত্রী ও পথচারীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলার জন্য সবাইকে অনুরোধ করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশ জানায়, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে নিয়মিত নজরদারি ও আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
