বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে পটিয়া আইনজীবী সমিতি

পটিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে পটিয়া আইনজীবী সমিতি। সংগঠনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে বাঁশখালী উপজেলার পুঁইছড়ি মাকছুদা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন পটিয়া আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কবিশেখর নাথ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তানজিনা জাহান, পাঠাগার সম্পাদক অ্যাডভোকেট মো. কামাল হোসাইন, কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট এসএম রফিকুল আলাম ওসমানী, বিদ্যালয়ের দাতা সদস্য অ্যাডভোকেট আমিনুল নিজামী রিফাত, বিদ্যালয়ের প্রধান শিক্ষক পাপিয়া সিকদার এবং স্থানীয় জনপ্রতিনিধি মো. মানিক (মেম্বার)সহ অন্যরা।

নগদ অর্থ সহায়তা প্রদানকালে পটিয়া আইনজীবী সমিতির নেতৃবৃন্দ বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব। দুর্যোগের এই সময়ে অসহায় মানুষের পাশে সামর্থ্য অনুযায়ী সবাইকে এগিয়ে আসতে হবে।

তারা আরও বলেন, বন্যার্ত মানুষের দুর্ভোগ লাঘবে সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠানকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া প্রয়োজন।