সন্তানের জন্য রওনা, সড়কে শেষ হয়ে গেল জনির জীবন

রাঙামাটি:

রাঙামাটিতে স্কুল থেকে সন্তানকে আনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় খোরশেদুল আলম জনি (৩৯) নামে এক যুবক নিহত হয়েছেন।

রবিবার দুপুরে শহরের ট্রাক টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে সন্তানকে আনার জন্য রওনা দেন জনি। পথে একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে গেলে পেছন থেকে আসা ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেয়ার পর সেখানে তার মৃত্যু হয়।

নিহত জনি তবলছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি জহির আহম্মেদের ছেলে। তিনি দুই সন্তানের জনক।

রাঙামাটি কোতয়ালী থানার ওসি মো. সাহেদ উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।