লোহাগড়া (চট্টগ্রাম) : সড়ক দুর্ঘটনায় আহত এক বন্ধুকে দেখতে ঢাকা যাওয়ার পথে প্রাণ হারিয়েছেন চট্টগ্রামের লোহাগাড়ার যুবক মাহবুবুল করিম আবরার (২৮)। শুক্রবার সকাল ১০টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোটদারোগারহাট এলাকার ভূঁইয়ার বটতলায় বিকেওয়াই জুট মিলের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মাহবুবুল করিম আবরার চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাতঘর এলাকার মরহুম আব্দুল জলিলের বড় ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা অভিমুখে দ্রুতগতিতে চলা একটি প্রাইভেটকার হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজক (ডিভাইডার) অতিক্রম করে বিপরীতমুখী লেনে উঠে যায়। এ সময় চট্টগ্রামমুখী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায় এবং চালক মাহবুবুল করিম আবরার গাড়ির ভেতরে আটকা পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের চাচাতো ভাই এসফাকুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় আহত এক বন্ধুকে দেখতে ঢাকা যাচ্ছিলেন আবরার। কিন্তু সেই বন্ধুর কাছে পৌঁছানোর আগেই তিনি নিজেই সড়ক দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারান। তিনি আরও জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হচ্ছে।
কুমিরা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ নুরুর আবসার বলেন, প্রাইভেটকার ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত দুটি যানবাহন উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে কুমিরা হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
