রাঙ্গুনিয়ায় জামায়াতের প্রার্থী পরিবর্তন: স্থলাভিষিক্ত প্রার্থী শ্রদ্ধাভরে কাঁদলেন সাবেক প্রার্থীর জন্য

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): চট্টগ্রামের রাঙ্গুনিয়া আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। দলের নতুন সিদ্ধান্ত অনুযায়ী রাঙ্গুনিয়া (চট্টগ্রাম–৭) আসনে নতুন প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন চিকিৎসক ও সমাজসেবক ডা. এটিএম রেজাউল করিম।

দলীয় সূত্র জানিয়েছে, বয়সজনিত অসুস্থতার কারণে অধ্যক্ষ আমিরুজ্জামান নিজেই নির্বাচনী কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করলে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে প্রার্থী ঘোষণার পর উপজেলার পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর এক দায়িত্বশীল সমাবেশে স্থলাভিষিক্ত এই প্রার্থী শ্রদ্ধাভরে কেঁদে ওঠেন সাবেক প্রার্থী অধ্যক্ষ মাওলানা মো. আমিরুজ্জামানের স্মৃতিচারণ করতে গিয়ে।

কান্নাজড়িত কণ্ঠে ডা. রেজাউল করিম বলেন,“আমি অতি নগণ্য, আমার কোনো যোগ্যতা নেই। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন অধ্যক্ষ মাওলানা আমিরুজ্জামান সাহেবই ছিলেন মনোনীত প্রার্থী—উনার সামনে আমি কিছুই নই। কেমন করে কী হলো, আমি কিছুই জানি না। তবে সংগঠন যেহেতু আমাকে মনোনয়ন দিয়েছে, তা মেনে নিতে হবে। আমি প্রার্থী হলেও, সকল সিদ্ধান্ত আমাদের শ্রদ্ধাভাজন মুরুব্বি আমিরুজ্জামান সাহেব ও সংগঠনের নেতাকর্মীদের পরামর্শে নেওয়া হবে।”

প্রসঙ্গত, অর্থোপেডিকস বিশেষজ্ঞ ডা. রেজাউল করিম চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবং রাঙ্গুনিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার পর ডা. রেজাউল করিম বলেন, “দল যেভাবে সিদ্ধান্ত দেবে, সেভাবে কাজ করে যাব। দলের আনুগত্যই আমাদের সাংগঠনিক মূল ভিত্তি।”