প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দিল দুই উপদেষ্টা

ছবি: প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে নেওয়া

ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মাহফুজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এবং আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেল পাঁচটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়ে তাঁরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র হস্তান্তর করেন।

প্রধান উপদেষ্টা পদত্যাগপত্র গ্রহণ করেন এবং নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে তা কার্যকর হবে বলে জানা গেছে।

জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখ সারিতে নেতৃত্ব দেওয়া এ দুই তরুণ উপদেষ্টার পদত্যাগের পর প্রধান উপদেষ্টা তাঁদের অবদান স্মরণ করে বলেন, “অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে তোমরা জাতিকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির পথে যেভাবে অবদান রেখেছ, তা জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। ভবিষ্যতেও গণতান্ত্রিক অগ্রযাত্রায় তোমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”

তিনি আরও বলেন, “আজ একটি ঐতিহাসিক দিন। অন্তর্বর্তীকালীন সরকার সবসময় তোমাদের অবদান মনে রাখবে। এত অল্প সময়ে তোমরা জাতিকে যে সেবা দিয়েছ, তা কোনো দিন ভুলে যাওয়ার নয়। এটি কেবল একটি রূপান্তর; সামনে বৃহত্তর পরিসরে তোমরা আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমি আশাবাদী।”

দুই উপদেষ্টার উদ্দেশে তিনি দেশের কল্যাণে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান জানিয়ে বলেন, “সরকারে থেকে যে অভিজ্ঞতা অর্জন করেছ, তা ভবিষ্যৎ জীবনে অবশ্যই কাজে লাগাতে হবে।”

সূত্র: প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ