চকরিয়া (কক্সবাজার) : কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, “বিএনপি জনগণের সরকার। তাই জনগণের দুর্দিনে সরকার সবসময় মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। যেকোনো দুর্যোগ মোকাবিলায় সরকার প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে, যাতে ক্ষতিগ্রস্ত মানুষ দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।”
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ও বরইতলী ইউনিয়ন, চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কোচপাড়া মজিদিয়া মাদ্রাসা এলাকাসহ মাতামুহুরী নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, বন্যা-পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকারি, বেসরকারি ও দলীয়ভাবে সহায়তা অব্যাহত রয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণসামগ্রী বিতরণের পাশাপাশি যেসব পরিবারের বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পুনর্বাসনে সরকারি সহায়তা দেওয়া হবে।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, সাম্প্রতিক বৈরী আবহাওয়া ও ভারী বৃষ্টিপাতে দেশের বিভিন্ন এলাকায় যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার সরকারি জরিপ চলমান রয়েছে। রাস্তা-ঘাট, বেড়িবাঁধ, বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, গবাদিপশু, কৃষিজমি ও মৎস্য খাতের ক্ষয়ক্ষতির তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
তিনি আরও বলেন, যেখানে রান্না করা খাবারের প্রয়োজন ছিল সেখানে তা সরবরাহ করা হয়েছে। অন্যদিকে শুকনো খাবার, খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তাও সরকারি, বেসরকারি এবং দলীয় উদ্যোগে বিতরণ অব্যাহত রয়েছে।
এর আগে সকালে সড়কপথে চকরিয়া উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের হাতে ত্রাণসামগ্রী, শুকনো খাবার ও সুপেয় পানি তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজারের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান, জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার, সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, চকরিয়া পৌর বিএনপির সভাপতি নুরুল ইসলাম হায়দার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দীন ফরায়েজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম, সাজ্জাদুল কবির চৌধুরী, সাবেক প্যানেল মেয়র শহিদুল ইসলাম ফোরকান, ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কুতুবউদ্দিন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহেদুল মোস্তফা, উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক সাইফুল কবির চৌধুরীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা।
এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিক ছফওয়ানুল করিম জানান, শনিবার (১৮ জুলাই) তিনি নির্বাচনী এলাকার অপর অংশ পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন এবং ত্রাণ বিতরণ করবেন।
