ডেস্ক রিপোর্ট: দেশের ‘কিছু’ রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়িয়ে উন্নয়নযাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব রাজনৈতিক দলকে মোকাবিলায় দেশের জনগণকে ‘সিদ্ধান্ত’ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার রাতে চট্টগ্রামের হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন বিষয়ক এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “দেশে কিছু রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়িয়ে জনগণের উন্নয়নের কাজগুলো বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।”
তিনি বলেন, “আজ আমাদের সিদ্ধান্ত নিতে হবে—দেশের সব গণতান্ত্রিক মানুষ, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা কথা বলার স্বাধীনতায় বিশ্বাস করে, প্রত্যেকটি মানুষকে আজ সিদ্ধান্ত নিতে হবে, এই বিশৃঙ্খলাকারী, যারা রাজপথ বন্ধ করে দিতে চায়, যারা মানুষকে বিভ্রান্ত করতে চায়, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা আমরা গ্রহণ করব? এটা আজ বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে।”
তারেক রহমান বলেন, “বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না। এখন সময় হচ্ছে দেশ গড়ার, এখন সময় হচ্ছে জাতির ভাগ্য গঠনের। কাজেই আমাদের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে আজ শ্রমিকের হাতে রূপান্তর করতে হবে; আমাদের দেশকে সামনে এগিয়ে নিতে হবে।”
তিনি বলেন, “আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমরা শপথ গ্রহণ করি যে, দেশের উন্নয়নের ক্ষেত্রে, দেশকে সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যারা প্রতিবন্ধকতা তৈরি করবে, দেশের মানুষের ভাগ্যের উন্নয়নের পথে যারা প্রতিবন্ধকতা তৈরি করবে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”
“আমাদের সামনে লক্ষ্য একটাই, আমাদের সামনে উদ্দেশ্য একটাই—সেটি হচ্ছে দেশের ভাগ্যের পরিবর্তন,” বলেন প্রধানমন্ত্রী।
বিএনপির রাজনৈতিক অবস্থান তুলে ধরে তারেক রহমান বলেন, “বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী একটি কথা বলে থাকে যে, আমাদের সব রাজনৈতিক ক্ষমতার উৎস হচ্ছে দেশের জনগণ। কাজেই জনগণের সমর্থন যেহেতু বিএনপির পক্ষে আছে, জনগণ যেহেতু বিএনপিকে সমর্থন দিয়েছে, জনগণ যেহেতু বিএনপির ৩১ দফার পক্ষে রায় দিয়েছে, সেই ৩১ দফার বাস্তবায়ন করাই হচ্ছে এখন আমাদের মূল পবিত্র দায়িত্ব।”
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ অন্যরা বক্তব্য দেন।
