চুয়েটে পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু, একই পুকুরে ১৫ দিনে প্রাণ গেল তিনজনের

রাউজান (চট্টগ্রাম): চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ক্যাম্পাসের পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হল সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে। এ নিয়ে গত ১৫ দিনে একই পুকুরে ডুবে তিন শিক্ষার্থীর মৃত্যু হলো।

নিহতরা হলেন চুয়েটের ২০২৪ ব্যাচের শিক্ষার্থী অর্ণব চন্দ (২২) ও শান্ত দেব (২৩)। তাদের দুজনের বাড়ি সিলেট বলে জানা গেছে। অর্ণব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের এবং শান্ত টিপিই বিভাগের শিক্ষার্থী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ফুটবল খেলা শেষে অর্ণব চন্দ ও শান্ত দেব কাজী নজরুল ইসলাম হলের পুকুরে গোসল করতে নামেন। একপর্যায়ে তারা সাঁতার কাটতে গিয়ে পুকুরের মাঝামাঝি অংশে ডুবে যান।

পরে উদ্ধারকারীরা প্রায় ২০ মিনিটের মধ্যে অর্ণব চন্দকে এবং প্রায় ৪৫ মিনিট পর শান্ত দেবকে পুকুর থেকে উদ্ধার করেন। এরপর তাদের চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

চুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, এর আগে গত ২৮ জুলাই একই পুকুরে ডুবে মারা যান চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অর্ণব সাহা (২৫)। ফুটবল খেলা শেষে সহপাঠীদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে তিনি পানিতে তলিয়ে যান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর ১৫ দিনের ব্যবধানেই একই পুকুরে ডুবে আরও দুই শিক্ষার্থীর মৃত্যু হলো।