লোহাগড়া (চট্টগ্রাম) : কক্সবাজার ভ্রমণ শেষে মোটরসাইকেলে করে চাঁদপুরের বাড়ি ফেরার পথে চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার ঠাকুরদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—চাঁদপুরের কচুয়া উপজেলার সাহাব পাড়া এলাকার মো. মনির হোসেনের ছেলে ফিরোজ আহমেদ তৌহিদ (২০) এবং একই উপজেলার শাহার পাড়া এলাকার পাটোয়ারী বাড়ির মিজান পাটোয়ারীর ছেলে মাহি উদ্দিন (২৫)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফিরোজ আহমেদ তৌহিদ ও মাহি উদ্দিন মোটরসাইকেলে করে কক্সবাজার বেড়াতে গিয়েছিলেন। ভ্রমণ শেষে মঙ্গলবার ভোরে তারা চাঁদপুরের উদ্দেশে রওনা হন। পথে ঠাকুরদিঘী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনিট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় মোটরসাইকেলচালক ফিরোজ আহমেদ তৌহিদ ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত মাহি উদ্দিনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার জানান, লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত মাহি উদ্দিনকে হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে একজনকে নিহত অবস্থায় পাওয়া যায়। অপরজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হলে তিনিও মারা যান।
ওসি আরও জানান, দুর্ঘটনার পর মিনিট্রাকটি ঘটনাস্থলে রেখেই এর চালক ও হেলপার পালিয়ে যায়। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত মিনিট্রাক ও মোটরসাইকেলটি দোহাজারী হাইওয়ে থানা হেফাজতে নেয়।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি মো. সালাহ উদ্দিন চৌধুরী।
