পাত্রী দেখে ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অপুর

রাউজান (চট্টগ্রাম) : বিয়ের জন্য পাত্রী দেখে ফেরার কয়েক ঘণ্টার ব্যবধানে চট্টগ্রামের রাউজানে সড়ক দুর্ঘটনায় অপু দাশ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত অপু দাশ স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের মৃত বাদল দাশের ছেলে। তিনি রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনী এলাকার ‘দি বিসিসিইউএল জেনারেল হাসপাতাল’-এ মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে বিয়ের জন্য পাত্রী দেখতে রাউজানের একটি মন্দিরে গিয়েছিলেন অপু দাশ। পাত্রী দেখে ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

শুক্রবার রাত ৮টার দিকে রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের কাপ্তাই সড়কের কাতালপীর শাহ দরগাহের সামনে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন তিনি। হাসপাতালের ডিউটি শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পাহাড়তলীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সড়ক দুর্ঘটনায় অপু দাশের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত অপু দাশের মরদেহ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে, বিয়ের জন্য পাত্রী দেখে ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই অপুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।