কাপ্তাইয়ে নদীতে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু

কাপ্তাই (রাঙামাটি) : রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী সাজিদ শাহারিয়ার সানম (২৪) মারা গেছেন। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে নিখোঁজ হওয়ার প্রায় তিন ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সানম নরসিংদী জেলার রায়পুরা উপজেলার নাছির উদ্দীনের ছেলে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নরসিংদী ও ঢাকা থেকে আসা ৯ সদস্যের একটি পর্যটক দল রোববার সকাল ১০টার দিকে কাপ্তাইয়ে পৌঁছে। স্থানীয় গাইডের সহায়তায় তারা সীতার পাহাড়ে ট্র্যাকিং করেন। পাহাড় ভ্রমণ শেষে দুপুর দেড়টার দিকে সীতার ঘাট এলাকার কর্ণফুলী নদীর পাথরঘাটা অংশে হাত-মুখ ধোয়ার জন্য নদীতে নামেন। এ সময় স্রোতের টানে সানম গভীর পানিতে তলিয়ে যান।

সানমের সহপাঠী ও বন্ধু সাইফুল ইসলাম বলেন, “আমরা সকাল থেকে একসঙ্গে ঘুরছিলাম। পাহাড় থেকে নেমে নদীর ঘাটে গেলে হঠাৎ করেই সানম পানিতে তলিয়ে যায়। আমরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও সফল হইনি।”

খবর পেয়ে ঘটনাস্থলে কাপ্তাই থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও বাংলাদেশ নৌবাহিনীর ডুবুরি দল পৌঁছে যৌথ উদ্ধার অভিযান শুরু করে।

কাপ্তাই ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহাদাত হোসেন জানান, বিকেল ৪টা ৪৫ মিনিটে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ৪০ ফুট দূরে নদীর তলদেশ থেকে সানমকে উদ্ধার করা হয়। পরে তাকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান বলেন, “নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।”

সানমের অকাল মৃত্যুতে তার সহপাঠী, বন্ধু ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।