দুই থানার পৃথক অভিযানে রাঙ্গুনিয়ায় গ্রেপ্তার ৫, সাজা ৩ মাদকসেবীর

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ডেভিল হান্ট, পরোয়ানা তামিল ও মাদকবিরোধী বিশেষ অভিযানে পাঁচজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে তিনজন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাঙ্গুনিয়া মডেল থানা ও দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলা পুলিশের নির্দেশনায় রাঙ্গুনিয়া মডেল থানার অভিযানে একটি জিআর সাজা পরোয়ানা, ছয়টি সিআর সাজা পরোয়ানা এবং তিনটি সিআর পরোয়ানার ভিত্তিতে দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের আমতলী পাড়ার মো. সোহাগ (২২) এবং পশ্চিম বগাবিলি এলাকার সুদত্ত বড়ুয়া। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

এদিকে সরকার ঘোষিত ‘ডেভিল হান্ট’ অভিযানে ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য আবুল কাসেম বাদশা ওরফে বাদশা মিয়া (৩৫) এবং লালানগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. হারুন (৪৭)-কে গ্রেপ্তার করে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ। তাদের বিরুদ্ধে থানার পৃথক দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহির উদ্দিন।

অন্যদিকে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত ও পাঁচটি জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. আলমগীর (৪৪)-কে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।

এ ছাড়া মাদকবিরোধী অভিযানে তিন মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাদের প্রত্যেককে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয় বলে জানান দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদ।

পুলিশ জানিয়েছে, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার, মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।