দীঘিনালা (খাগড়াছড়ি) : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পাহাড়ি সম্প্রদায়ের গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ০৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ‘দি বেবি টাইগার্স’ দীঘিনালা জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন, এসইউপি, পিএসসির নির্দেশনায় উপজেলার দীঘিনালা ইউনিয়নের ফ্রেশবাজার এলাকায় দিনব্যাপী এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করা হয়।
মেডিকেল ক্যাম্পে শিশু থেকে বয়োবৃদ্ধসহ প্রায় তিন শতাধিক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। এ সময় রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শের পাশাপাশি বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।
দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে উপস্থিত থেকে চিকিৎসাসেবা প্রদান করেন দীঘিনালা জোনের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মুহাম্মদ শায়খউদ্দীন সাকলাইন। তিনি রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজন অনুযায়ী চিকিৎসা পরামর্শ ও ওষুধ প্রদান করেন।
এ সময় দীঘিনালা জোনের আওতায় ধাত্রীবিদ্যায় প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরা মেডিকেল টিমকে সহযোগিতা করেন।
চিকিৎসা কার্যক্রমে শিশু, বৃদ্ধ, শিক্ষার্থীসহ পাহাড়ি সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
আরএমও মুহাম্মদ শায়খউদ্দীন সাকলাইন বলেন, দুর্গম এলাকায় বসবাসকারী অনেক মানুষ নিয়মিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। সুবিধাবঞ্চিত এসব মানুষের কথা বিবেচনা করে জোন অধিনায়কের নির্দেশনায় তিন শতাধিক মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণের আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, দীঘিনালা জোন শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
এ উদ্যোগের জন্য এলাকাবাসী বাংলাদেশ সেনাবাহিনী তথা দীঘিনালা জোনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
