রাঙ্গুনিয়ায় হালদা রক্ষায় অংশীজনদের উদ্বুদ্ধকরণ সেমিনার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র ও মৎস্যসম্পদ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অংশীজনদের (Stakeholder) উদ্বুদ্ধকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে চট্টগ্রাম জেলা মৎস্য দপ্তরের আয়োজনে ‘হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (দ্বিতীয় পর্যায়)’-এর আওতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুজাত কুমার চৌধুরী। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. বেলাল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহিউদ্দিন, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা দ্বীন মোহাম্মদ, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মো. ইলিয়াছ তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ফজলে এহসান শামীম ও উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবুল কালাম।

সেমিনারে স্থানীয় মৎস্যজীবী ও সুফলভোগীরাও অংশ নেন।

সেমিনারে মৎস্যজীবীদের প্রতিনিধি গৌরপদ সরকার ঘোষিত মাছ ধরার নিষেধাজ্ঞার সময়ে কার্ডধারী মৎস্যজীবীদের ভিজিএফ সহায়তা দেওয়ার দাবি জানান। তিনি বলেন, নিষেধাজ্ঞার সময়ে মাছ ধরতে না পারায় মৎস্যজীবীদের আয়-রোজগার বন্ধ থাকে। এ সময়ে তাঁদের জীবন-জীবিকা সচল রাখতে সরকারি সহায়তা প্রয়োজন।

সভায় হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র সংরক্ষণ, অবৈধভাবে মাছ আহরণ বন্ধ, নদীর পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে বিভিন্ন করণীয় নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, হালদা নদীর প্রাকৃতিক প্রজননক্ষেত্র রক্ষায় প্রশাসন, মৎস্যজীবী, স্থানীয় জনগণসহ সংশ্লিষ্ট সব অংশীজনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে অবৈধভাবে মাছ আহরণ বন্ধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি নদীর পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।