ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সারদা পুলিশ একাডেমির আদলে একটি পুলিশ একাডেমি এবং এর পাশেই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার নির্মাণ করা হবে। এ জন্য জমি চিহ্নিত ও অধিগ্রহণের কার্যক্রম চলছে।
পুলিশের পাশাপাশি জঙ্গল সলিমপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের স্থাপনা নির্মাণের জন্যও জায়গা নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সলিমপুরের অবকাঠামো উন্নয়নসংক্রান্ত এক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুর এলাকায় সড়ক নেটওয়ার্ক নির্মাণের কাজ চলছে। ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়নের (ইসিবি) নেতৃত্বে এ কাজ হচ্ছে। সভায় ওই কাজের অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে।
তিনি বলেন, জঙ্গল সলিমপুর এলাকার বিভিন্ন মৌজায় সরকারি জমি রয়েছে। এসব জমি পাহাড় শ্রেণির হোক বা খাসজমি—সবকিছু সুশাসনের আওতায় নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার নির্মাণের জন্য জঙ্গল সলিমপুরে ৭২ একর জমি অধিগ্রহণ করা হয়েছে।
জঙ্গল সলিমপুরের অবৈধ বসতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন সময়ে সেখানে যারা অবৈধভাবে বসতি স্থাপন করেছেন, তাদের কীভাবে পুনর্বাসন করা যায়, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ওই এলাকায় থাকা শিক্ষাপ্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠানও পরিচালনার আওতায় আনা হবে।
তিনি বলেন, সবকিছু সুশাসনের আওতায় এনে জায়গাটিকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা হবে। একই সঙ্গে জঙ্গল সলিমপুরকে আগে যে ‘সন্ত্রাসের অভয়ারণ্য’ হিসেবে উল্লেখ করা হতো, সেখান থেকে এলাকাটিকে মুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
রোহিঙ্গা ক্যাম্প প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ক্যাম্পের ভেতরে মাদক কারবার ও মানবপাচারের ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে। এ কারণে রঙ্গিখালী ও নোয়াখালী পাড়ায় দুটি সেনাক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ক্যাম্পের বিভিন্ন স্থান সিসিটিভির আওতায় আনা হবে।
