রাঙ্গুনিয়ায় ইস্টার্ন কেমিক্যালের পরিত্যক্ত সম্পত্তিতে বড় প্রকল্পের পরিকল্পনা: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

 

ডেস্ক রিপোর্ট : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠান ইস্টার্ন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১০ একর সম্পত্তি ও পরিত্যক্ত কারখানা কাজে লাগিয়ে বড় প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার। এর মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের সদ্ব্যবহার ও স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে রাঙ্গুনিয়ায় ইস্টার্ন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১০ একর সম্পত্তি ও পরিত্যক্ত কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা ছিল, সরকারের সব স্থাপনা ও সম্পদ যেন সঠিকভাবে ব্যবহারের আওতায় আনা হয়। তাঁর অভিযোগ, হাসিনা আমলে এসব স্থাপনার সম্পদ পরিত্যক্ত ফেলে রেখে কিংবা বিক্রি করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়কে শূন্য করে দেওয়ার চক্রান্ত ছিল। সরকার সেই অবস্থা থেকে বেরিয়ে এসেছে।

তিনি আরও বলেন, “যেহেতু আমাদের সরকার একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার, তাই মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট বা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সম্পত্তিগুলোর সদ্ব্যবহার করা হবে। ইস্টার্ন কেমিক্যালের ১০ একর জায়গা দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় রাষ্ট্রের অনেক ক্ষতি হয়েছে। রাষ্ট্রের এমন ক্ষতি আর হতে দেব না।”

মন্ত্রী বলেন, এখানে বড় প্রকল্পের মাধ্যমে রাষ্ট্রের উন্নয়ন ও স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টি করাই তাঁদের উদ্দেশ্য। ঢাকায় গিয়ে আলোচনা করে এলাকার জন্য যেটি সর্বোত্তম হবে, সেটিই করা হবে।

পরিদর্শনকালে সফরসঙ্গী মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ইস্টার্ন কেমিক্যালের পরিত্যক্ত জায়গা ও কারখানা কীভাবে প্রকল্পের মাধ্যমে কাজে লাগানো যায়, তা তাঁরা পর্যালোচনা করছেন। দুদিনের চট্টগ্রাম সফরে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অন্যান্য সম্পত্তিও একইভাবে সরেজমিনে পরিদর্শন করা হবে।

পরিদর্শনকালে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।