পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: আগামীতে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসবে এবং গণভোটের রায় নিয়ে কোনো ধরনের তালবাহানা চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে চট্টগ্রামের পটিয়া পৌরসদরের একটি কমিউনিটি সেন্টারে পটিয়া উপজেলা ও পৌরসভা জামায়াতের উদ্যোগে আয়োজিত পল্টন ট্র্যাজেডি দিবসের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহজাহান চৌধুরী বলেন, নির্বাচনে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে পারে—এমন আশঙ্কা থেকে ২৮ অক্টোবর দলটিকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু শহীদদের আত্মত্যাগের কারণে তা সম্ভব হয়নি। জামায়াতের শক্তি বুঝতে পেরে দলটির ওপর স্টিমরোলার চালানো হয়েছে। বারবার জামায়াতে ইসলামীকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে।
তিনি বলেন, ২০২৬ সালের নির্বাচনে জামায়াতে ইসলামীর ক্ষমতায় যাওয়ার কথা ছিল। দলটি সম্মানজনকভাবে দুই কোটি ৩৮ লাখ ভোট পেয়েছে। বাংলাদেশে ১১-দলীয় জোট ৩৯ শতাংশ ভোট পেয়েছে বলেও দাবি করেন তিনি।
গণভোটের রায় প্রসঙ্গে জামায়াতের এই সংসদ সদস্য বলেন, “গণভোটের রায় নিয়ে কোনো তালবাহানা চলবে না। জনগণ ‘হ্যাঁ’ ভোটকে জয়যুক্ত করেছে। গণভোটের রায় বাস্তবায়ন করেই জনগণ ঘরে ফিরবে।”
তিনি আরও বলেন, “আগামীর বাংলাদেশ হবে জামায়াতে ইসলামীর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে দাঁড়িপাল্লার বাংলাদেশ, ২৮ অক্টোবর যারা শহীদ হয়েছিলেন, তাঁদের বাংলাদেশ।” ২৮ অক্টোবরের বিপ্লবী চেতনা সর্বস্তরে ছড়িয়ে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
পটিয়া উপজেলা জামায়াতের আমির জসিম উদ্দীনের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন কালারপোল থানা জামায়াতের আমির মাস্টার নাছির উদ্দীন। এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী।
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের নেতা ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম, পটিয়া পৌরসভা জামায়াতের আমির সেলিম উদ্দীন, সেক্রেটারি রাশেদুল ইসলাম, কালারপোল থানা জামায়াতের সেক্রেটারি মো. ইব্রাহিম, প্রবীণ ব্যাংকার আবুল হোসেন, অ্যাডভোকেট বোরহান উদ্দীন, ফখরুল ইসলাম এবং ইসলামী ছাত্রশিবির পটিয়া শহর শাখার সভাপতি মোহাম্মদ ফয়েজ উল্লাহ প্রমুখ।
