প্রতিকূলতা পেরিয়ে সাফল্য, ফরহাদাবাদে ১১ শিক্ষার্থীকে সংবর্ধনা

হাটহাজারী (চট্টগ্রাম): ‘শিশু আর থাকবে নাকো সহিংসতার ঝুঁকিতে, সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র আছে তাদের সাথে’—এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের হাটহাজারীর ফরহাদাবাদে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা, মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) কেন্দ্রের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রের আশ্রয়ে থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ১১ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা সমাজসেবা অফিসার মুজাহিদুল ইসলাম এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ আইয়ুব।

চট্টগ্রাম সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতারের সভাপতিত্বে এবং আউটরিচ ওয়ার্কার বিপুল চন্দ্র পালের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। তেলাওয়াত করেন কেন্দ্রের নিবাসী শিশু মো. নাঈম।

পরে কেন্দ্রের আশ্রয়ে থাকা সুবিধাবঞ্চিত ১১ জন এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেন প্রধান অতিথি। শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করে অতিথিরা বলেন, প্রতিকূলতা পেরিয়ে তাদের এই অর্জন অন্য শিশুদের জন্যও অনুপ্রেরণার।

প্রধান অতিথি মোহাম্মদ ওমর ফারুক বলেন, শিশুদের কল্যাণ ও সুরক্ষা নিশ্চিত করতে সমাজসেবা অধিদপ্তর বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। শিশুদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে তাদের ভবিষ্যৎ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানের শেষভাগে শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত অতিথি ও দর্শনার্থীরা আবেগাপ্লুত হয়ে পড়েন।

এদিকে, একই দিনে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়নবিষয়ক ইন-হাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে ‘শিশুর বিকল্প পরিচর্যা’ বিষয়ে সেশন পরিচালনা করেন উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক।

কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার বলেন, ‘কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে শিশুদের সর্বোত্তম সেবা প্রদান এবং শিশু সুরক্ষা নিশ্চিত করাই আমাদের আয়োজনের মূল লক্ষ্য।’