শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দেশের মেরুদণ্ড ভাঙতে চেয়েছিল ফ্যাসিবাদী সরকার: এমপি এনামুল হক এনাম

পটিয়া (চট্টগ্রাম) : শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দেশের মেরুদণ্ড ভেঙে দিতে চেয়েছিল বিগত ফ্যাসিবাদী সরকার বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।

তিনি বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে মূলত দেশের মেরুদণ্ড ভেঙে দিতে চেয়েছিল বিগত ফ্যাসিবাদী সরকার। জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা স্বাধীন রাষ্ট্র ও নির্বাচিত সরকার পেয়েছি। প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাব্যবস্থাকে সুসংগঠিত করতে কাজ করছেন। শিক্ষকদের যেসব দাবি রয়েছে, সেগুলো বাস্তবায়নেও সরকার গুরুত্ব দিয়েছে।”

শিক্ষার্থীদের সঠিকভাবে পাঠদানে শিক্ষকদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।

শনিবার (৮ আগস্ট) দুপুরে পটিয়া উপজেলা সহকারী শিক্ষক সমিতির উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা ও সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পটিয়া উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি মাহমুদুল হকের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষিকা মৌসুমি দেব, বনশ্রী বড়ুয়া, ফয়জুন্নেসা মিলি ও রেহেনা আক্তারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা ফিরোজ আহমেদ, বিদায়ী উপজেলা শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ কর্মকার ও সহকারী শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার ধর।

এছাড়াও পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, পটিয়া ক্লাবের সদস্য সচিব মোজাম্মেল হক, জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মঈনুল আলম ছোটন, জেলা বিএনপি নেতা মোরশেদ শফি হিরু, বিএনপি নেতা মোজাম্মেল হক ও মাহবুবুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এসএম নয়নসহ অবসরপ্রাপ্ত শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষক, গুণী শিক্ষক, বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক ও কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি এনামুল হক এনাম এমপি। পরে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।