শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে নিয়মিত দেয়ালিকা প্রকাশের আহ্বান

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : শিক্ষার্থীদের সৃজনশীলতা ও লেখার দক্ষতা বিকাশে নিয়মিত দেয়ালিকা প্রকাশের আহ্বান জানিয়েছেন ঢাকা ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক এস. এফ. এম. আসআদ আউয়াল। প্রতি তিন মাস পরপর দেয়ালিকা প্রকাশের পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার আলমশাহপাড়া কামিল মাদ্রাসার হলরুমে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

একই দিন তিনি মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং শিক্ষার্থীদের দেয়ালিকা উদ্বোধন করেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মীর মুহাম্মদ জাহাঙ্গীর। এতে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এস. এফ. এম. আসআদ আউয়াল বলেন, ‘পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীল প্রতিভা বিকাশে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তিনি বলেন, শিক্ষার্থীদের লেখার দক্ষতা ও সৃজনশীলতা বাড়াতে নিয়মিত দেয়ালিকা প্রকাশ করা প্রয়োজন। এ জন্য প্রতি তিন মাস পরপর দেয়ালিকা প্রকাশের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

মাদ্রাসার শিক্ষার মান, শৃঙ্খলা ও সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

এর আগে এস. এফ. এম. আসআদ আউয়াল মাদ্রাসার বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে তিনি মাদ্রাসার আরবি ক্লাব ও ইংরেজি ক্লাব পরিদর্শন করেন।