চট্টগ্রাম : প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর উপলক্ষে জেলার তিনটি নির্ধারিত ভেন্যুতে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের ব্রিফিং দেওয়া হয়েছে।
শনিবার (৮ আগস্ট) হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালীর তিনটি ভেন্যুতে পৃথকভাবে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএমসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে হাটহাজারী থানাধীন পার্বতী মডেল উচ্চ বিদ্যালয়, ফটিকছড়ির ফটিকছড়ি সরকারি কলেজ এবং বাঁশখালীর আব্দুর রশিদ কমিউনিটি সেন্টার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ব্রিফিংয়ে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি প্রধানমন্ত্রীর সফর নিরাপদ, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করতে গৃহীত নিরাপত্তা পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নির্ধারিত ভেন্যু ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে ভেন্যুগুলোতে প্রাণচাঞ্চল্য দেখা গেছে।
ব্রিফিংয়ের পর চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নির্ধারিত ভেন্যুগুলো পরিদর্শন করেন এবং সেখানে উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনবান্ধব ও সেবামূলক পরিবেশ বজায় রাখতে চট্টগ্রাম জেলা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানানো হয়েছে।
