রাউজান (চট্টগ্রাম): চট্টগ্রামের রাউজানে ভিমরুলের কামড়ে নাজিম উদ্দীন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় মাহাবুল আলম নামে আরও একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মধ্যম ছিটিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাজিম উদ্দীন ওই এলাকার অছি মিয়া সওদাগর বাড়ির মৃত বজল আহম্মেদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নাজিম উদ্দীন ও মাহাবুল আলম স্থানীয় একটি চায়ের দোকানে চা-নাস্তা খেয়ে সড়কে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় হঠাৎ একদল ভিমরুল তাদের ওপর আক্রমণ করে। ভিমরুলের কামড়ে দুজনই গুরুতর আহত হন।
পরে গুরুতর আহত অবস্থায় নাজিম উদ্দীনকে স্থানীয় জে.কে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে আহত মাহাবুল আলমকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নাজিম উদ্দীনের মৃত্যুর বিষয়ে জে.কে হাসপাতালের চিকিৎসক স্বপন কান্তি দাশ বলেন, ভিমরুলের কামড়ে আক্রান্ত একজনকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
রাউজান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহাজান বলেন, ভিমরুলের কামড়ে আহত এক রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ইনফেকশন ছড়িয়ে পড়ার আগেই দ্রুত ইনজেকশন দেওয়া হয়। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ দেওয়ার পর তিনি বর্তমানে সুস্থ আছেন।
