ট্রাককে সাইড দিতে গিয়ে টমটম উল্টে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) : কক্সবাজারের চকরিয়া পৌর এলাকায় বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই ট্রাককে সাইড দিতে গিয়ে টমটম উল্টে তানহা মনি (১২) নামে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে।

শনিবার (২২ আগস্ট) বেলা ১১টার দিকে চকরিয়া-কোরাইয়াঘোনা সড়কের কাহারিয়াঘোনা স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানহা মনি চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কাহারিয়াঘোনা এলাকার বাসিন্দা এবং চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা জাফর আলমের মেয়ে। সে স্থানীয় মগবাজার মহিলা মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকালে তানহা মনি তার ছোট বোনকে সঙ্গে নিয়ে একটি টমটমে করে মাদ্রাসায় যাচ্ছিল। কাহারিয়াঘোনা স্টেশন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্টবোঝাই ট্রাককে সাইড দিতে গিয়ে টমটম চালক নিয়ন্ত্রণ হারান। এতে টমটমটি উল্টে গেলে তানহা ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে সিমেন্টবোঝাই ট্রাকটি জব্দ করেন। তবে ট্রাকটির চালক ও সহকারী পালিয়ে যান। স্থানীয়দের দাবি, জব্দ করা ট্রাকটি চকরিয়া উপজেলার উত্তর হারবাং এলাকার নাজিম উদ্দীনের।

স্থানীয়রা ট্রাকটির মালিক ও চালককে আইনের আওতায় এনে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।