রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামী’র শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ প্রকাশ ইলিয়াছ কোম্পানি আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর।
শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ কন্যাসন্তান, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম ইলিয়াছ কোম্পানির জানাযার নামাজ শনিবার সকাল ১১টায় রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের আলমশাহ পাড়া কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তার প্রয়াণে রাঙ্গুনিয়া উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সামাজিক, রাজনৈতিক ও শিক্ষাঙ্গনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
মোহাম্মদ ইলিয়াছ ছিলেন সমাজসেবা, শিক্ষাব্যবস্থা ও স্থানীয় উন্নয়নে নিবেদিত একজন সক্রিয় নেতা। তিনি রাঙ্গুনিয়া ইকরা ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং লালানগর আইডিয়াল স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন।
