সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে রাউজান প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ

রাউজান (চট্টগ্রাম): গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে রাউজান প্রেসক্লাবের উদ্যোগে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) বিকেলে রাউজানের জলিল নগরে প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে প্রতিবাদ সভা শেষে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে মানববন্ধন করা হয়।

কর্মসূচিতে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিতকরণের দাবি জানানো হয়। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে রাষ্ট্রীয় নিরাপত্তা প্রদানের আহ্বান জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন রাউজান প্রেসক্লাবের সভাপতি এম বেলাল উদ্দিন। সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি প্রদীপ শীল, সাবেক সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর নেওয়াজ, এসএম ইউসূফ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি এম রমজান আলী, সহ-সভাপতি সাহেদুর রহমান মোরশেদ, মো. হাবিবুর রহমান, যীশু সেন, সাবেক সহ-সভাপতি জিয়াউর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন হাবিবী, যুগ্ম সম্পাদক লোকমান আনছারী, সহ সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক আবিদ মাহমুদ, দপ্তর সম্পাদক রতন বড়ুয়া, শিক্ষক ইয়ার মোহাম্মদ, প্রবাসী মো. হারুন, সংবাদকর্মী মোহাম্মদ জুয়েল সিকদার, মিলন বৈদ্য, সঞ্জয় বড়ুয়া, চবি শিক্ষার্থী সানজিদা শারমিন প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বক্তারা ঘটনার সঙ্গে জড়িত সকল অপরাধীকে আইনের আওতায় আনার দাবি জানান।

মালয়েশিয়ায় পৌঁছালে প্রধান উপদেষ্টাকে লাল গালিচা সংবর্ধনা

ডেস্ক: মালয়েশিয়ায় পৌঁছানোর পর লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে। তিন দিনের সরকারি সফরে সোমবার সন্ধ্যায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তিনি।

তার আগমন উপলক্ষে সেখানেই (টার্মিনাল ১) ছিল আনুষ্ঠানিক আয়োজন।

সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে ড. ইউনূস ও তার সফরসঙ্গীদের বহনকারী বাণিজ্যিক বিমান অবতরণের পর কেএলআইএর বুংগা রায়া কমপ্লেক্সে তাকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল।

পরে রয়্যাল মালয় রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়নের ২৮ জন কর্মকর্তা ও সদস্যের সমন্বয়ে গঠিত গার্ড অব অনার পরিদর্শন করেন ড. ইউনূস। গার্ড অব অনারের নেতৃত্ব দেন ক্যাপ্টেন মোহদ মাসরুর হিদায়াত মাসরি।

প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে কয়েকজন উপদেষ্টা ও জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাকে সঙ্গে নিয়ে মালয়েশিয়া সফর করছেন ড. ইউনূস। ২০২৪ সালের অক্টোবরে আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফরে এসে ড. ইউনূসকে তার দেশ সফরের আমন্ত্রণ জানান।

মঙ্গলবার পারদানা পুত্রা কমপ্লেক্সে ড. ইউনূসকে আনুষ্ঠানিক স্বাগত জানানো হবে এবং আনোয়ারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ, শ্রম, শিক্ষা, পর্যটন ও প্রতিরক্ষা খাতে অগ্রগতি ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু অন্তর্ভুক্ত থাকবে।
সফরের সময় দুই নেতা প্রতিরক্ষা, জ্বালানি, কৌশলগত ও আন্তর্জাতিক গবেষণা, সেমিকন্ডাক্টরে সক্ষমতা বৃদ্ধি এবং বাণিজ্য প্রচারের ক্ষেত্রে একাধিক সমঝোতা স্মারকের (এমওইউ) বিনিময় প্রত্যক্ষ করবেন। এছাড়া কূটনৈতিক প্রশিক্ষণ এবং উচ্চশিক্ষা খাতে নোট বিনিময়ও সম্পন্ন হবে।

সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী সেরি পেরদানা কমপ্লেক্সে ড. ইউনূসের সম্মানে আনুষ্ঠানিক ভোজের আয়োজন করবেন। বুধবার তিনি একটি জনসভার বক্তব্য দেবেন এবং ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া (ইউকেএম) থেকে সামাজিক ব্যবসায় সম্মানসূচক ডক্টর অব ফিলোসফি ডিগ্রি লাভ করবেন। তিনি ইউকেএম এবং ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার কমিউনিটি ও বিশ্ববিদ্যালয় নেটওয়ার্কের সদস্যদের সঙ্গেও মতবিনিময় করবেন।

২০২৪ সালে মালয়েশিয়া ও বাংলাদেশের মোট বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছিল ১৩.৩৫ বিলিয়ন রিঙ্গিত (২.৯২ বিলিয়ন মার্কিন ডলার), যা ২০২৩ সালের তুলনায় ৫.১ শতাংশ বেশি। বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় মালয়েশিয়ার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং রপ্তানি গন্তব্য। মালয়েশিয়ার প্রধান রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে পেট্রোলিয়ামজাত পণ্য, পাম তেল ও রাসায়নিক দ্রব্য, আর বাংলাদেশ থেকে আমদানি হয় টেক্সটাইল, জুতা, পেট্রোলিয়ামজাত পণ্য ও প্রস্তুত পণ্য।

পুতিন-ট্রাম্প বৈঠকের আগে ইইউর জরুরি বৈঠক, জেলেনস্কির অংশগ্রহণে জোর

আন্তর্জাতিক: ইউক্রেন যুদ্ধের অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠকে বসার আগে আজ সোমবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা জরুরি বৈঠকে বসছেন।

ব্রাসেলস থেকে এএফপি জানায়, পরবর্তী পদক্ষেপ নিয়ে বৈঠকে আলোচনা করবেন ইইউ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। ইইউ’র আশঙ্কা, ইউক্রেনকে ছাড়াই বৈঠকে সিদ্ধান্ত হলে অগ্রহণযোগ্য আপসে বাধ্য করা হতে পারে।

পুতিন ও ট্রাম্প আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কা রাজ্যে বৈঠকে বসতে যাচ্ছেন। তিন বছর ধরে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে এ বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাকে ছাড়াই পুতিন ও ট্রাম্পের মধ্যকার বৈঠকের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, চুক্তির ফলে কিয়েভকে কিছু অংশ বা অঞ্চল ছেড়ে দিতে হতে পারে।

ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা আজ অনলাইনে বৈঠক করবেন। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি ইভানোভিচ সিবিহা ওই অনলাইন বৈঠকে যুক্ত থাকবেন।

পুতিন-ট্রাম্প বৈঠকে জেলেনস্কিকে উপস্থিত রাখার ব্যাপারে জোরালো অবস্থান নিয়েছেন ইইউ নেতারা। ফ্রান্স, জার্মানি, ইতালি, ব্রিটেন, ফিনল্যান্ডের নেতারা এবং ইউরোপিয়ান কমিশনের প্রধান উরসুলা ভন ডের লেইন যৌথ এক বিবৃতিতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন, তিনি যেন রাশিয়ার ওপর বাড়তি চাপ প্রয়োগ করেন।

জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস গতকাল রোববার বলেন, ‘বিশ্ব নেতাদের বৈঠকে জেলেনস্কি অংশ নেবেন বলে আমার ধারণা ও বিশ্বাস রয়েছে।’

সূত্র : এএফপি, বাসস

নির্বাচনে ৮০ হাজারের বেশি সেনা সদস্য মোতায়েন: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮০ হাজারের বেশি সেনা সদস্য মোতায়েন করা হবে। এ ছাড়া নির্বাচন চলাকালীন সময় নিরাপত্তায় পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্যরাও মাঠে থাকবেন।

সোমবার (১১ আগস্ট) র‌্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আগে প্রতি কেন্দ্রে দুজন আনসার সদস্য দায়িত্ব পালন করতেন। এবার প্রিসাইডিং কর্মকর্তার নিরাপত্তা জোরদারে অতিরিক্ত একজন অস্ত্রধারী আনসার সদস্য নিয়োজিত থাকবেন।

তিনি আরো বলেন, দেশের গণমাধ্যম সঠিকভাবে দায়িত্ব পালন করায় প্রতিবেশী কিছু দেশের মিথ্যা সংবাদ প্রচার বন্ধ হয়ে গেছে। টাকার প্রলোভনে জুলাই-আগস্ট মাসে বহু নিরপরাধ মানুষের নামে মামলা হয়েছে। নিরীহ মানুষ যেন আইনের ফাঁদে না পড়ে, সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচেষ্ট রয়েছে। কেউ ব্যক্তিগত স্বার্থে অন্যকে হয়রানি করতে পারবে না।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, গত বছরের তুলনায় পরিস্থিতি অনেকটা উন্নত হয়েছে। এবার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ভোটকেন্দ্রে বডি-অর্ন ক্যামেরা বসানো হবে। তরুণ ভোটারদের জন্য বিশেষ বুথ এবং নারী-পুরুষের জন্য আলাদা বুথের ব্যবস্থাও থাকবে।

এর আগে তিনি র‌্যাব-১০ সদর দপ্তর ও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করে বন্দিদের খাওয়াদাওয়া ও জীবনযাত্রা পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

বাসস্ট্যান্ড ও টেম্পোস্ট্যান্ড দখল এবং চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, চাঁদাবাজি যে-ই করুক, তাকে আইনের আওতায় আনা হবে। ইতিমধ্যে অনেককে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া, কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণের সহকারী কমিশনার (ভূমি) শেখ আব্দুল্লাহ আল মামুন, ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম এবং র‌্যাব-১০ এর অধিনায়ক মো. কামরুজ্জামান প্রমুখ।

রাঙ্গুনিয়ায় ইয়াবাসহ যুবক আটক

রাঙ্গুনিয়া টুডে প্রতিবেদক : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ৪০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

আটক মো. মাসুক আমিন মাসুক উপজেলার পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের মুরাদনগর এলাকার নুরুল আমিনের ছেলে।

রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে মুরাদনগর এলাকায় অভিযান চালিয়ে মাসুককে আটক করা হয়।
তিনি বলেন, “মাসুক একজন চিহ্নিত পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আরও দুটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।”

ওসি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার পথে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

সংগৃহীত ছবি

ঢাকা: তিনদিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (১১ আগস্ট) দুপুর ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওয়ানা হোন তিনি। প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে ৩ দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এই সফরে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর এবং তিনটি নোট বিনিময়ের কথা রয়েছে।

রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার এই সফরের কথা জানানো হয়।

প্রধান উপদেষ্টার সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা, বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদবিষয়ক উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, বিডার চেয়ারম্যান, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা রয়েছেন।

হার্ড লাইনে চট্টগ্রাম জেলা প্রশাসন

চট্টগ্রাম: চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানমের সভাপতিত্বে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা রোববার (১০ আগস্ট) অনুষ্ঠিত হয়।

সভায় জেলা ও মহানগর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। লুণ্ঠিত অবৈধ অস্ত্র পুনরুদ্ধার, পূর্বে ইস্যুকৃত অস্ত্রের বৈধতা যাচাই, অযোগ্য ব্যক্তির লাইসেন্স বাতিল এবং সব ধরনের অস্ত্রের ওপর গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়।

গ্রাম আদালতের চেয়ারম্যানদের অনুপস্থিতিতে মামলা নিষ্পত্তি ব্যাহত হওয়ায় ইউনিয়ন পরিষদকে আরও সক্রিয় করে জনসেবা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। পাশাপাশি মাদকদ্রব্য উদ্ধার ও রেলপথে মাদক চোরাচালান রোধে টাস্কফোর্স অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট কার্যক্রম জোরদারের নির্দেশ দেওয়া হয়।

সভায় কিশোর অপরাধ ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, অনিবন্ধিত সিএনজি শনাক্তকরণ, চিহ্নিত স্থানে শিক্ষা কার্যক্রম বন্ধ করে ধর্ষণ ও যৌন নির্যাতন প্রতিরোধসহ নানা বিষয়ে আলোচনা হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি পেলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে—এ মর্মে সংশ্লিষ্ট বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

সভায় কিশোর অপরাধ ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, অনিবন্ধিত সিএনজি শনাক্তকরণ, চিহ্নিত স্থানে শিক্ষা কার্যক্রম বন্ধ করে ধর্ষণ ও যৌন নির্যাতন প্রতিরোধসহ নানা বিষয়ে আলোচনা হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি পেলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে—এ মর্মে সংশ্লিষ্ট বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

এছাড়া উচ্ছেদ অভিযান, অবৈধ বালি উত্তোলন বন্ধ, পাহাড় কাটা রোধ, খুন-ডাকাতি-চাঁদাবাজি প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন রোধ, রেল ও সড়কপথে মাদক পাচার প্রতিরোধ, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ এবং জানমাল রক্ষায় সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। যানজট নিরসনে ফুটপাত দখল করে দোকান স্থাপন বন্ধেরও নির্দেশ দেওয়া হয়।

কৃষি খাতে ব্লক সুপারভাইজারদের দায়িত্বশীলতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়, যাতে সার ও বীজ বিতরণ এবং কৃষি পরামর্শে সমন্বিত পদক্ষেপ নিয়ে কৃষকদের ক্ষতি রোধ করা যায়। রাউজানসহ জেলার ঝুঁকিপূর্ণ এলাকায় রাজনৈতিক অপতৎপরতা নিয়ন্ত্রণে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়।

জন্মাষ্টমী ২০২৫ উদযাপন উপলক্ষে যানজট নিরসনে অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে গোয়েন্দা নজরদারি জোরদারের সিদ্ধান্ত হয়। পাহাড়ি সন্ত্রাসীদের বিরুদ্ধে সম্মিলিত অভিযান পরিচালনারও আহ্বান জানানো হয়।

সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হকসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা ও মহানগরের আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, সুশীল সমাজ এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রাঙ্গুনিয়ায় প্রাণিসম্পদ কার্যালয়ের জানালা কেটে চুরি

রাঙ্গুনিয়া টুডে প্রতিবেদক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে এক কর্মকর্তার কক্ষের জানালা কেটে একটি টেলিভিশন ও প্রিন্টারসহ মালামাল চুরির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরমিন আক্তার।

ডা. শরমিন বলেন, “রোববার সকালে অফিস খুলে আমার কক্ষে ঢুকে দেখি জানালা কাটা। রুম থেকে একটি এলইডি টিভি ও একটি প্রিন্টার মেশিন চুরি হয়ে গেছে। তবে কক্ষে একটি কম্পিউটার থাকলেও সেটি নেয়নি।”
ধারণা করা হচ্ছে, গত শনিবার রাতের কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটে।

কার্যালয়ে কোনো নৈশপ্রহরী ছিল না জানিয়ে এই কর্মকর্তা বলেন, “অফিসে কোনো নাইট গার্ড নেই। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে নৈশপ্রহরী নিয়োগের জন্য সহযোগিতা চাওয়া হয়েছে।”

রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির মালামাল উদ্ধার এবং চোর শনাক্তে পুলিশের অভিযান চলছে।”

মাহমুদুর রহমানের মায়ের স্মরণে রাঙ্গুনিয়ায় দোয়া ও আলোচনা সভা

রাঙ্গুনিয়া টুডে প্রতিবেদক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদ ও দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানের মায়ের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) বিকেলে আমার দেশ পাঠকমেলা রাঙ্গুনিয়া শাখার আয়োজনে রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের হলরুমে এ দোয়া ও আলোচনা সভা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখার সভাপতি অধ্যাপক ইকবাল হোসেন তালুকদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। এতে প্রধান বক্তা ছিলেন উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি নুরুল আবছার তালুকদার।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ হাসান আলী চৌধুরী বলেন, “মাহমুদুর রহমানের মা একজন মহীয়সী নারী। একজন মায়ের অনেক সন্তান জন্ম দেওয়া লাগেনা—একজন সন্তানই সারাদেশকে নাড়িয়ে দিতে পারে, তার উজ্জ্বল উদাহরণ হলেন মাহমুদুর রহমান।”

তিনি আরও বলেন, “তার মা এমন সাহসী সন্তান জন্ম দিয়েছেন বলেই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার অগ্রযাত্রায় মাহমুদুর রহমান একটি উজ্জ্বল নাম। তিনি রক্ত দিয়েছেন, বছরের পর বছর কারাভোগ করেছেন, আলোর মুখ দেখেননি, তবুও অন্যায়ের সঙ্গে আপস করেননি। তাই মাহমুদুর রহমানের মায়ের জীবন সত্যিই সার্থক।”

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মুহাম্মদ শওকত হোসাইন, এডভোকেট এহসানুল হক, এডভোকেট মুহাম্মদ ইব্রাহিম, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইলিয়াস তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম তালুকদার, এডভোকেট আজিম উদ্দিন লাভলু, জাহেদ সিকদার, সড়ক উন্নয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শরীফ, এডভোকেট সরোয়ার কামাল, অধ্যাপক সুদর্শন বডুয়া, অধ্যাপক মিজানুর রহমান শাহীন, অধ্যাপক আনিসুল হক, চন্দ্রঘোনা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, কলিম হোসেন, এস এম মহিউদ্দিন বাবু প্রমুখ।

শেষে জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদের ও আমার দেশ পত্রিকা সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের আত্মহার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাবিব উল্লাহ রব্বানী।