রাঙ্গুনিয়ায় যুব দিবসে আলোচনা, শপথ ও ঋণ বিতরণ

 

রাঙ্গুনিয়া টুডে প্রতিবেদক: “প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”—এই প্রতিপাদ্যে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, শপথ গ্রহণ এবং যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে প্রথমে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. মহিউদ্দিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. শরমিন আক্তার, উপজেলা মৎস্য অফিসার সুজাত কুমার চৌধুরী, উপজেলা সমাজসেবা অফিসার মুহাম্মদ হাসান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মাসুদ রানা, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা এবং রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী।

অনুষ্ঠানে বক্তব্য দেন যুব স্কোয়াড রাইডার্সের সভাপতি ইসমাইল হোসেন, নূরের আলো একতা সংঘের নাজমুল আমিন, মনোয়ার এগ্রোর কলিম উল্লাহ এবং উদ্যোক্তা আবদুর রহিম। সঞ্চালনা করেন সহকারী যুব উন্নয়ন অফিসার নাজমুল হক মীর।

শেষে অংশগ্রহণকারীদের শপথ বাক্য পাঠ করানো হয় এবং যুব ঋণের চেক হস্তান্তর করা হয়।

কাপ্তাই রাস্তার মাথায় সিএমপি’র অভিযানে ২৫ অবৈধ যানবাহন আটক

চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ট্রাফিক উত্তর বিভাগের অভিযানে কাপ্তাই রাস্তার মাথা এলাকায় ২৫টি অবৈধ সিএনজি ও অটোরিকশা আটক এবং মামলা দেওয়া হয়েছে।

সোমবার (১১ আগস্ট) সকালে চাঁন্দগাঁও থানাধীন কাপ্তাই রেলগেইট (মোহরা) থেকে মেসকারঘাটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ পিপিএম।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মেট্রো রুট পারমিট ছাড়া সিএনজি ও অটোরিকশা রেলগেইট এলাকায় উভয় পাশে দাঁড়িয়ে বিশৃঙ্খলভাবে চলাচল করে আসছিল। এতে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়ে জরুরি রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ সাধারণ যাত্রী ও পণ্যবাহী যানবাহন দীর্ঘ সময় আটকে থাকত। এ ছাড়া যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় ও দুর্ব্যবহারের অভিযোগও ছিল নিয়মিত।

পুলিশ কমিশনারের নির্দেশে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবারের অভিযানে ২৫টি যানবাহন আটক ও মামলা দেওয়া হয়। এতে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা স্বস্তি প্রকাশ করেছেন।

উপ-পুলিশ কমিশনার নেছার উদ্দিন আহম্মেদ বলেন, “যাত্রী ও স্থানীয়দের স্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।”

উল্লেখ্য, গত ১১ জুলাই একই স্থানে পরিচালিত অভিযানে ৭০টি অবৈধ যানবাহন আটক করা হয়েছিল।