প্রাণিসম্পদ কার্যালয় থেকে চুরি হওয়া টিভি-প্রিন্টার উদ্ধার, চোর কারাগারে

রাঙ্গুনিয়া টুডে প্রতিবেদক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় প্রাণিসম্পদ কার্যালয় থেকে চুরি হওয়া একটি টিভি ও প্রিন্টারসহ এক চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাতে চোরাই মালসহ তাকে আটক করে পুলিশ।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, গত ১০ আগস্ট সকাল ৯টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মচারীরা অফিসে এসে দেখতে পান, দক্ষিণ পাশের জানালার গ্রিল কেটে অজ্ঞাত চোরেরা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরমিন আক্তারের কক্ষ থেকে একটি প্রিন্টার মেশিন ও একটি এলইডি টিভি চুরি করে নিয়ে গেছে।

অভিযোগ পাওয়ার পর তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, রাঙ্গুনিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের পশ্চিম সৈয়দবাড়ি এলাকার বাসিন্দা মো. জাহাঙ্গীর আলম (৩৫) চুরির সঙ্গে জড়িত। তদন্তকারী কর্মকর্তা এসআই মো. গোলাম মোস্তফা সাক্ষীদের উপস্থিতিতে বুধবার রাতে অভিযান চালিয়ে আসামির বাড়ির টয়লেটের সানসিডের ওপর পর্দা দিয়ে লুকানো অবস্থায় চোরাই মাল উদ্ধার করেন। উদ্ধারকৃত মালামাল এজাহারে বর্ণিত আলামতের সঙ্গে মিলে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর আলম চুরির ঘটনার সত্যতা স্বীকার করে। পরে বৃহস্পতিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে পূর্বেও একই ধারায় একাধিক মামলা রয়েছে।

 

হজ-ওমরা ব্যবস্থাপনায় দুর্নীতি করলে কঠোর শাস্তির হুঁশিয়ারি

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি: সংগৃহীত

ডেস্ক: অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, “হজ-ওমরা নিয়ে আমার মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা যদি এক টাকাও ঘুষ খায়, তাহলে তাকে ফাঁসিতে ঝোলানো হবে। আমাদের কোনো স্টাফ দুর্নীতির সঙ্গে জড়িত হলে বা কোনো এজেন্সির কাছ থেকে টাকা দাবি করলে, আপনারা আমাদের জানাবেন। তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।”

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে আগারগাঁওয়ের চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘হজ ও ওমরা ফেয়ার ২০২৫’-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. খালিদ হোসেন আরও বলেন, “এ বছরের মতো ২০২৬ সালেও সুন্দর হজ ব্যবস্থাপনা উপহার দেওয়ার আশা রাখি। সৌদি সরকারি ক্যাটারিং সার্ভিসের খাবার বাদ দেওয়ার প্রস্তাব দেব আমরা। মুজদালিফায় টয়লেট ব্যবস্থাপনা আরও উন্নত করতে সৌদি কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হবে।”

তিনি জানান, মধ্যসত্ত্বভোগীদের কাছ থেকে হজকে মুক্ত করার সর্বোচ্চ চেষ্টা চলছে। পাশাপাশি হজ ফ্লাইটের বিমানভাড়া কমানোর জন্যও উদ্যোগ নেওয়া হয়েছে। “বিমান ভাড়া কমানোর বিষয়ে বৈঠক হলে হাবের প্রতিনিধিদেরও সেখানে রাখা হবে,” যোগ করেন তিনি।