রাঙ্গুনিয়ায় অবৈধ বালু উত্তোলন ও বালুমহালের ইজারা বাতিলসহ চার দফা দাবিতে অবস্থান কর্মসূচি

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কর্ণফুলী নদীর অবৈধ বালু উত্তোলন বন্ধ, প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও বালুমহালের ইজারা বাতিলসহ চার দফা দাবিতে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ইছাখালী এলাকায় “রাঙ্গুনিয়ার সচেতন ছাত্রসমাজ ও সর্বস্তরের জনসাধারণ” ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর পরিবেশ ধ্বংস হচ্ছে, হুমকির মুখে পড়ছে জীববৈচিত্র্য ও স্থানীয় জনজীবনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক যোগাযোগ ব্যবস্থা।

এসব বন্ধে তারা চার দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো আগামী ২৪ ঘণ্টার মধ্যে কর্ণফুলী নদীস্থ সব বালুমহাল ইজারা ও বালু উত্তোলন বাতিল করতে হবে, তিন দিনের মধ্যে উপজেলা প্রশাসনের সমন্বয়ে নদী রক্ষা কমিটির সংষ্কার করতে হবে, নিয়মিত নদীপথে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করতে হবে ও অবিলম্বে কর্ণফুলী নদীর মূল বেতাগী পয়েন্টে নিরাপত্তা ব্যারিকেড স্থাপন করতে হবে।

বক্তারা আরও হুঁশিয়ারি দেন, সাত কার্যদিবসের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন না হলে রাঙ্গুনিয়াবাসী ও সব শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

পরে অবস্থান কর্মসূচি থেকে লিখিত দাবি নিয়ে মিছিলসহকারে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন কার্যালয়ে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে ইউএনও কামরুল হাসান বলেন, “এটা যেহেতু ইতিবাচক বিষয় এবং আমি আগেও এ বিষয়ে সোচ্চার ছিলাম, তাই তাদের চার দফা দাবির সঙ্গে আমি একাত্মতা প্রকাশ করছি। তাদের স্মারকলিপি গ্রহণ করেছি এবং ইতিমধ্যে বিষয়টি জেলায় জানানো হয়েছে, চিঠিও দেওয়া হয়েছে।”

রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে অভিযান: পাঁচ ড্রেজার মালিককে ৩ লাখ ৩০ হাজার টাকা অর্থদণ্ড

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কর্ণফুলী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে পাঁচটি ড্রেজার মেশিনের মালিককে আটক করে ৩ লাখ ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। রাঙ্গুনিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ এ তথ্য জানিয়েছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার কর্ণফুলী নদীর সরফভাটা ও মরিয়মনগর অংশে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ বলেন, “আজ কর্ণফুলী নদীর সরফভাটা ও মরিয়মনগর অংশে অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে দিনব্যাপী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় ৫টি ড্রেজার মেশিনের মালিককে আটক করে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে মোট ৩ লাখ ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।”

এ সময় ভ্রাম্যমাণ আদালতকে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

“মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫” বাস্তবায়নে চট্টগ্রামে জেলা টাস্কফোর্স সভা

চট্টগ্রাম: “মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫” কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে জেলা টাস্কফোর্স কমিটির সভা সোমবার (২৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম জেলা মৎস্য দপ্তর কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরীফ উদ্দিন।

সভায় আগামী ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম পরিচালনার সরকারি নির্দেশনা ও কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ইলিশ সংরক্ষণ অভিযান সংক্রান্ত জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পালন, দরিদ্র মৎস্যজীবীদের সহায়তা প্রদান এবং অভিযান পরিচালনার প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হবে।

সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম। এছাড়াও আইন-শৃঙ্খলা বাহিনী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও মৎস্যজীবী সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিদিন ৯ হাজার শিশুকে টাইফয়েড টিকা দেওয়ার পরিকল্পনা রাঙ্গুনিয়ায়

রাঙ্গুনিয়া টুডে ডেস্ক : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়।

সভায় জানানো হয়, আগামী ১ অক্টোবর থেকে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে। এই টিকা শিশুদের ৩ থেকে ৭ বছর পর্যন্ত সুরক্ষা দেবে।

প্রথম ১০ কর্মদিবস বিদ্যালয়ভিত্তিক টিকাদান কার্যক্রম চলবে এবং পরবর্তী ৮ দিন ইপিআই সেন্টারে দেওয়া হবে। প্রতিদিন প্রায় ৯ হাজার শিশুকে টিকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, গ্যাভি টিকাদান জোট, প্যাথ, ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুল হাসান। বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নাব জমিলা, মেডিক্যাল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. ইসমাইল হুসাইনসহ অন্যান্যরা।

সভা থেকে জানানো হয় রাঙ্গুনিয়ায় মোট ১ লাখ ১১ হাজার ৬০৭ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে স্কুল টার্গেট ৭৭ হাজার ৮৮৪ জন এবং কমিউনিটি টার্গেট ৩৩ হাজার ৭২৩ জন। ইতোমধ্যে স্কুলে রেজিস্ট্রেশন হয়েছে ৫১ হাজার ১০৭ জন ও কমিউনিটিতে ২৩ হাজার ৪৩০ জন। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ৪২০টি বিদ্যালয়ে এ ক্যাম্পেইন পরিচালিত হবে।

এ সময় বক্তারা বলেন, টাইফয়েড দূষিত খাদ্য ও পানির মাধ্যমে ছড়ায়। টিকাদানের মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। সবার সহযোগিতায় কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়িত হবে বলে তারা আশাবাদ প্রকাশ করেন।

সভায় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. হিন্দোল বারী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান, রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ ইলিয়াছ তালুকদার, সাধারণ সম্পাদক মো. নুরুল আবছার চৌধুরী এবং স্থানীয় অন্যান্য কর্মকর্তা ও প্রতিনিধিরা।

রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে বিএনপির আর্থিক সহায়তা

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের চাঁদের টিলা এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে দলের পক্ষ থেকে ওই পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অ্যাডভোকেট মো. এহেসানুল হক এ সময় আর্থিক সহায়তা প্রদান করেন। তিনি বলেন, “আজ আমরা লালানগর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে দেখতে এসেছি। এসে দেখি আগুনে তাদের আর কিছুই অবশিষ্ট নেই। আমরা চেষ্টা করছি অন্তত তাদের থাকার জন্য একটি ব্যবস্থা করতে। লালানগর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এসেছেন, আরও নেতারা আসবেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরীও বিষয়টি দেখবেন।”

এ সময় লালানগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা জানান, দলের নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী ও অ্যাডভোকেট কামাল চৌধুরীর নির্দেশনায় তারা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন। নেতৃবৃন্দ সমাজের বিত্তশালীদেরও দুর্গত পরিবারের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।

প্রসঙ্গত, এর আগে বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার লালানগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চাঁদের টিলা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মো. শহিদুল হকের চার কক্ষবিশিষ্ট টিন-বেড়ার কাঁচা ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়।

স্থানীয় বাসিন্দা ফোরকান জানান, ফায়ার সার্ভিসে খবর পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে ততক্ষণে ঘরের সব আসবাপত্র পুড়ে যায়। এতে দেড় থেকে দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. জাহেদুর রহমান বলেন, স্থানীয়রা আগুন নেভালেও ঘর পুরোপুরি পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুলার আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত।

গতকাল আর্থিক সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মজিদ, লালানগর ইউনিয়নের ধানের শীষের সাবেক চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মিজান, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ইয়াকুব, যুবদল সদস্য রোকন উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহেদুল ইসলাম খোকন, ছাত্রদল সভাপতি সাইফুল ইসলাম, বখতিয়ার, রুকন, মালেক শাহ, ফজু প্রমুখ।

বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ হারাল ১৪ বছরের কিশোর

রাঙ্গুনিয়া টুডে প্রতিবেদক: চট্টগ্রাম ও রাঙ্গামাটি সীমান্তবর্তী এলাকায় ঘটেছে এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা। নদীতে ডুবে যাওয়া এক বন্ধুকে বাঁচাতে গিয়ে নিজেই প্রাণ হারালেন বিজয় বড়ুয়া (১৪) নামের এক কিশোর।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সীমান্তবর্তী রাঙ্গামাটির কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের পোয়া পাড়া ইছামতি খালে এই ঘটনা ঘটে।

নিহত বিজয় বড়ুয়া (১৪) সুজন বড়ুয়ার ছেলে।

জানা যায়, দুই বন্ধু ইছামতি খালে গোসল করতে নেমেছিল। এক বন্ধু সাঁতার জানত না এবং পানিতে তলিয়ে যেতে শুরু করলে, সাঁতার জানা বন্ধু বিজয় তাকে বাঁচাতে গিয়ে নিজেই গভীর পানিতে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে কাউখালি উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে সাঁতার না জানা বন্ধু প্রাণে বেঁচে গেলেও বিজয়কে হারাতে হলো জীবন।

এ বিষয়ে কাউখালি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইসমাইল হোসেন জানিয়েছেন, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করেন। প্রায় ২০ মিনিটের মধ্যে বিজয়কে উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধার করার পর তাকে উপজেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে লাশ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে কাউখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সোহাগ জানান, সকালে দুই বন্ধু নদীতে গোসল করতে নেমে সাঁতার কাটছিলেন। এ সময় এক বন্ধু পানির স্রোতে ভেসে যেতে থাকলে অপরজন তাকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু তিনিই পানির স্রোতে ডুবে নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জামায়াতের গণআন্দোলনের ৫ দফা দাবিতে রাঙ্গুনিয়ায় বিক্ষোভ ও গণসংযোগ

রাঙ্গুনিয়া টুডে প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবির ভিত্তিতে রাঙ্গুনিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাঙ্গুনিয়া উপজেলা বিভিন্ন এলাকায় উপজেলা জামায়াতের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামায়াতের কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবিগুলোর মধ্যে রয়েছে- জুলাই সনদ অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করা, আগামী নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার নিশ্চিত করা, স্বৈরাচারের সহযোগী জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলার বিভিন্ন স্তরের জামায়াত নেতাকর্মীরা অংশ নেন।

বিক্ষোভ শেষে দক্ষিণ রাজানগর ইউনিয়নের রাজারহাট এলাকায় গণসংযোগ পরিচালনা করে জামায়াত। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী, দলটির কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম অঞ্চল টিমের সদস্য এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের বোর্ড অব ট্রাস্টিজ অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আমিরুজ্জামান-এর পক্ষে প্রচারণা চালানো হয়।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন অধ্যাপক আবদুল গফুর, অ্যাডভোকেট আজিম উদ্দিন, অধ্যাপক মহিউদ্দিন, উপজেলা জামায়াতের আমির হাসান মুরাদ, নায়েবে আমির মাওলানা শওকত, সেক্রেটারি মাস্টার কামাল, দক্ষিণ রাজানগর ইউনিয়ন সভাপতি অ্যাডভোকেট জুয়েল, লালানগর ইউনিয়ন সভাপতি হাফেজ মাওলানা নুরুল্লাহ, সহ-সভাপতি মাওলানা হাসমত আলী, ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন ও দিদারুল আলম দিদার, উপজেলা শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সভাপতি রাশেদুল আলম তালুকদার, ব্যবসায়ী নাজিম, বাজার সভাপতি রবিউল আবছার বাচু, চট্টগ্রাম নগর জামায়াতের রাঙ্গুনিয়া শহর শাখার সভাপতি আবুল কাশেম, ব্যবসায়ী বদিউল আলম, রাজারহাট ব্যবসায়ী সমিতির সভাপতি প্রার্থী আইয়ুব আলী, খোরশেদ আলম, তাজুল ইসলাম, আবদুল সালাম প্রমুখ।

স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ: হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধে মূল পদক্ষেপ

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের মূল উদ্দেশ্য হলো হৃদরোগ, স্ট্রোক এবং অন্যান্য জটিলতা রোধ করা। ডা. মোহাম্মদ শাহ সোলাইমান জানিয়েছেন, “একটি নির্দিষ্ট লেভেল পর্যন্ত রক্তচাপ থাকা জরুরি। সেই লেভেল অতিক্রম করলে মানুষের হার্ট ডিজিজ, স্ট্রোক এবং অন্ধত্বের ঝুঁকি বেড়ে যায়।”

রক্তচাপ যাতে স্বাভাবিক সীমা অতিক্রম না করে, সে জন্য প্রেসারের ওষুধ দেওয়া হয়। উদ্দেশ্য একটাই — যেন জটিলতা তৈরি না হয়।

ঝুঁকির অন্যান্য কারণ :
উচ্চ রক্তচাপ ছাড়াও আরও অনেক কারণ আছে, যেগুলো হৃদরোগ ও স্ট্রোক ঘটাতে পারে। তাই শুধু প্রেসার নিয়ন্ত্রণ নয়, অন্যান্য ঝুঁকির দিকগুলোও নিয়ন্ত্রণে রাখা জরুরি। এর মধ্যে রয়েছে-

  • রক্তে অতিরিক্ত চর্বি
  • ডায়াবেটিস
  • অতিরিক্ত ওজন
  • ধূমপান
  • মদ্যপান

Adjuvant Therapy :
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের পাশাপাশি রোগীদের মাঝে প্রায়ই দুটি অতিরিক্ত ওষুধ দেওয়া হয় — Statin এবং Ecosprin। এটিকে বলা হয় Adjuvant Therapy। তবে কাদেরকে এই ওষুধ দেওয়া হবে, সেটি শুধুমাত্র একজন গ্র্যাজুয়েট চিকিৎসকই নির্ধারণ করতে পারেন।

রোগীর আগামী ১০ বছরের স্ট্রোক বা হৃদরোগের ঝুঁকি মূল্যায়ন করতে ASCVD Risk Calculator ব্যবহার করা হয়। এর ফলাফলের ভিত্তিতে Statin বা Ecosprin প্রয়োজন কিনা নির্ধারণ করা হয়।

মূল বার্তা :
উচ্চ রক্তচাপের চিকিৎসার লক্ষ্য একটাই — জটিলতা রোধ। সেই লক্ষ্য অর্জনের জন্য প্রেসার নিয়ন্ত্রণের পাশাপাশি অন্যান্য ঝুঁকির বিষয়গুলো নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি।

ডা. মোহাম্মদ শাহ সোলাইমান, MBBS (CMC), BCS, MCPS, MD, MACP, Medicine Specialist.

সূত্র: ডা. মোহাম্মদ শাহ সোলাইমান-এর ফেসবুক থেকে

দুদকের চার জেলায় এনফোর্সমেন্ট অভিযান, মিলল অনিয়মের প্রমাণ

ছবি: সংগৃহীত

ডেস্ক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট থেকে আজ (২৪ সেপ্টেম্বর ) চারটি অভিযোগের বিষয়ে অভিযান পরিচালনা করা হয়েছে।

সব অভিযানে অবৈধ পদোন্নতি, ভুয়া জন্মনিবন্ধন, সরকারি অর্থ আত্মসাৎ এবং নিম্নমানের চাল মজুদসহ নানা অনিয়মের প্রাথমিক প্রমাণ পেয়েছে কমিশন।

অভিযান ০১ : বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সার্ভিস বিভাগের এক ডিজিএমের বিরুদ্ধে বিধিবহির্ভূতভাবে পদোন্নতি গ্রহণ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের প্রধান কার্যালয়, ঢাকা থেকে একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় সংশ্লিষ্ট দপ্তর থেকে ব্যক্তিগত নথি সংগ্রহ ও পর্যালোচনা করা হয়। প্রাথমিক যাচাইয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে টিম জানায়। সংগৃহীত রেকর্ডপত্র বিস্তারিতভাবে যাচাই শেষে কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করা হবে।

অভিযান ০২ : নোয়াখালী
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নদনা ইউনিয়ন পরিষদে রোহিঙ্গা নাগরিককে জন্ম নিবন্ধন সনদ প্রদানসহ নানা অনিয়মের অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, নোয়াখালী একটি অভিযান চালায়। টিম অভিযোগ সংশ্লিষ্ট নথি সংগ্রহ করে এবং ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীসহ সেবাপ্রার্থীদের জিজ্ঞাসাবাদ করে। টিম ইউনিয়ন পরিষদ থেকে অন্যান্য ইউনিয়নের বাসিন্দাদেরও জন্ম নিবন্ধন সনদ দেয়া হচ্ছে কিনা, সে বিষয়ে তথ্য সংগ্রহ করে। এসময় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দালালদের বিষয়ে কঠোর হওয়ার আশ্বাস দেন।

অভিযান ০৩ : ময়মনসিংহ
ময়মনসিংহ জেলা পরিষদ থেকে আবেদন ছাড়াই বিভিন্ন প্রতিষ্ঠানের নামে সরকারি অর্থ বরাদ্দ দিয়ে আত্মসাতের অভিযোগে সমন্বিত জেলা কার্যালয়, ময়মনসিংহ একটি টিম অভিযান চালায়। তদন্তে দেখা যায়, ২০২৪-২৫ অর্থবছরে ৮৬ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দে ৪৭টি প্রকল্প নেয়া হয়, যার মধ্যে ১৭টি প্রকল্প ময়মনসিংহ সদর উপজেলার ভাবখালি ইউনিয়নে। এসব প্রকল্পের টাকা ছাড় হলেও কাজ বাস্তবায়ন হয়নি। এছাড়া পারিবারিক গোরস্থানকে সামাজিক গোরস্থান দেখিয়ে টাকা উত্তোলন এবং বসতবাড়িতে নামমাত্র কওমি ও হাফিজিয়া মাদ্রাসার নামে বরাদ্দ নেয়া হয়েছে বলে টিম প্রমাণ পায়।

অভিযান ০৪ : কুড়িগ্রাম
কুড়িগ্রামের রৌমারী উপজেলা খাদ্য গুদামে নিম্নমানের চাল মজুদ ও কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ে অনিয়মের অভিযোগে সমন্বিত জেলা কার্যালয়, কুড়িগ্রামের একটি টিম অভিযান পরিচালনা করে। এসময় ১৩০ বস্তা চাল যাচাই করে নিম্নমানের প্রমাণ মেলে। পাশাপাশি তালিকাভুক্ত কৃষকদের মধ্যে অধিকাংশ নাম ভুয়া বলে প্রমাণ পাওয়া যায়।

দুদক জানায়, অভিযানে সংগৃহীত সব রেকর্ডপত্র ও তথ্য যাচাই শেষে কমিশনের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

সূত্র: দুর্নীতি দমন কমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজ (Anti-Corruption Commission – Bangladesh) থেকে নেয়া।

ধানের শীষে ভোট চাইলেন অধ্যাপক কুতুবউদ্দিন বাহার

রাঙ্গুনিয়া টুডে প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের আহ্বান জানাতে লিফলেট হাতে জনসাধারণের দ্বারে দ্বারে গেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুবউদ্দিন বাহার।

বুধবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার শিলক ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

লিফলেট বিতরণকালে অধ্যাপক কুতুবউদ্দিন বলেন, “ধানের শীষ তারেক রহমানের প্রতীক, ধানের শীষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতীক। আগামী জাতীয় নির্বাচনে সকলে ধানের শীষে ভোট দিয়ে এ প্রতীককে জয়ী করবেন—এ প্রত্যাশা করছি।”

তিনি আরও বলেন, “ধানের শীষকে ভোট দিলে কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে, তার সবকিছুই এই লিফলেটে উল্লেখ রয়েছে।”

এ সময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ে ছাই বসতঘর

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি কাঁচা বসতঘর ভস্মীভূত হয়েছে। এতে ঘরের সব আসবাপত্র পুড়ে ছাই হয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার লালানগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চাঁদের টিলা এলাকায় এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ভুক্তভোগী মো. শহিদুল হকের চার কক্ষবিশিষ্ট টিন-বেড়ার কাঁচা বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।

স্থানীয় বাসিন্দা ফোরকান জানান, ফায়ার সার্ভিসে খবর পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে ততক্ষণে ঘরের সব আসবাপত্রসহ পুরো ঘর ভস্মীভূত হয়। এতে ভুক্তভোগী পরিবারের প্রায় দেড় থেকে দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. জাহেদুর রহমান বলেন, স্থানীয়রা আগেই আগুন নেভালেও পুরো ঘর পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুলার আগুন থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত।

বিমান বাহিনী প্রধানের সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

ডেস্ক: বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো (Antonio Alessandro)।

আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) বিমান বাহিনী সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তারা দুই দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

ভবিষ্যতে বাংলাদেশ ও ইতালির মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা, দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক ও কূটনৈতিক বন্ধন আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন তারা।

 

সূত্র: বাংলাদেশ বিমান বাহিনীর ফেসবুক থেকে।

রাঙ্গুনিয়ায় ঘরে ফেরার পথে যুবক খুন, ঘরের কাছেই মিলল লাশ

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় মো. খোরশেদ আলম (২৮) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার লালানগর ইউনিয়নের ঘাগড়া খিল মোগল তালুকদার পাড়া মসজিদের পাশে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলটি নিহতের বাড়ি থেকে মাত্র ৭০ ফুট দূরে অবস্থিত।

নিহত খোরশেদ আলম ওই এলাকার আবদুল খালেকের ছেলে এবং পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।

স্থানীয়রা জানান, রাতে চিৎকার শুনে তারা ছুটে গিয়ে মসজিদের পাশে খোরশেদের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। তার লাশের পাশে দুটি বিস্কুটের প্যাকেটও পড়ে ছিল।

নিহতের স্ত্রী ইমু আক্তার (২০) জানান, তার স্বামী প্রতিদিনের মতো সন্ধ্যায় দোকান থেকে বিস্কুট নিয়ে বাড়ি ফিরছিলেন। ইমু আক্তার বলেন, “রাত ৯টার দিকে হঠাৎ চিৎকার শুনে জানালা দিয়ে তাকিয়ে দেখি দুই ব্যক্তি দৌড়ে পালিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর জানতে পারি, মসজিদের পাশে আমার স্বামীর মরদেহ পড়ে আছে।”
স্থানীয় ইউপি সদস্য নুরজাহান জানান, খোরশেদ আলম প্রায় তিন বছর আগে বিয়ে করেন। তার অন্য ভাইয়েরা প্রবাসে থাকেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান।

রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলছে।”

ধর্ম নিয়ে বিদ্বেষকারীরা দেশ–জনগণের বন্ধু নয় : রাঙ্গুনিয়ায় পূজামণ্ডপ পরিদর্শনকালে এসপি

রাঙ্গুনিয়া টুডে প্রতিবেদক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা মণ্ডপ ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসপি সাইফুল ইসলাম সানতু বলেন, “এখন গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। অনেক পুরনো ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে সুপরিকল্পিতভাবে জনগণকে উত্তেজিত করা হচ্ছে। দেশে বা বিদেশে থেকে যারা এ ধরনের কাজ করছে তারা দেশ ও জনগণের বন্ধু হতে পারে না। তারা হিন্দু, মুসলিম, বৌদ্ধ বা খ্রিষ্টান—কারোই বন্ধু নয়। যারা ধর্ম নিয়ে বিদ্বেষ ছড়ায়, তারা কখনোই জনগণের বা দেশের বন্ধু হতে পারে না।”

তিনি আরও বলেন, “সাংবাদিকদের কথার বিশেষ গুরুত্ব রয়েছে। গুজব প্রতিরোধে সচেতনতা তৈরির পাশাপাশি যাচাই-বাছাই করে জনগণকে সঠিক তথ্য জানাতে হবে। সাংবাদিকদের ওপর আস্থা আরও বাড়িয়ে তোলার এটাই উপযুক্ত সময়।”

এসপি সাইফুল ইসলাম সানতু আশ্বাস দিয়ে বলেন, “জনশান্তি ও জনশৃঙ্খলা নিশ্চিত করতে চট্টগ্রাম জেলা পুলিশ সবসময় প্রস্তুত। সাংবাদিকসহ সরকারি–বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা একটি সুখী ও সমৃদ্ধ দেশ গড়তে অঙ্গীকারবদ্ধ।”

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম), অতিরিক্ত পুলিশ সুপার (ইন্ডাস্ট্রিয়াল আরডিবি), অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), রাঙ্গুনিয়া মডেল থানা অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার ও দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ সাব্বির মোহাম্মদ সেলিম।

এ সময় আরও উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির সভাপতি–সাধারণ সম্পাদক, স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

টঙ্গীতে অগ্নিকাণ্ডে ফায়ার ফাইটারের মৃত্যু, রাঙ্গুনিয়ায় সহকর্মীদের শোক

রাঙ্গুনিয়া টুডে ডেস্ক: টঙ্গীতে কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার সার্ভিস কর্মী শামীম আহমেদ মারা গেছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় টঙ্গীর সাহারা মার্কেটের একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনসহ নিকটস্থ কয়েকটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজ শুরু করে। এসময় ফায়ার ফাইটার শামীম আহমেদ দগ্ধ হয়ে গুরুতর আহত হন।

পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে তার মৃত্যু হয়।

শামীম আহমেদ নেত্রকোনা জেলার বাসিন্দা ছিলেন। তিনি ২০০৪ সালে ফায়ার সার্ভিসে যোগদান করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।

এদিকে তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. জাহেদুর রহমান। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “আরও এক সহকর্মীকে হারালাম। ২০০৪ সালের ব্যাচের সদস্য শামীম, যিনি টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন, আজ অগ্নিদুর্ঘটনায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।”

রাঙ্গুনিয়ায় তুচ্ছ ঘটনায় খুন, মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ছবি: নিহত রহমত উল্লাহ (৪৮)

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার পরপরই মামলা দায়ের হলে ২৪ ঘন্টার মধ্যে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার আসামি আশরাফ আলী (২৮) কে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম।

এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের সিকদারপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রহমত উল্লাহ(৪৮) ওই এলাকার নূর মোহাম্মদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা ও ইট ভাঙার মজুরি নিয়ে প্রতিবেশী রেজাউলের পরিবারের সঙ্গে রহমতের বিরোধ ছিল। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে রেজাউলের পরিবারের কয়েকজন সদস্য লাঠি ও ছুরি নিয়ে হামলা চালায়। এতে রহমতের পেটে ছুরিকাঘাত হলে তাকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, ভুক্তভোগীর পরিবারের মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

রাঙ্গুনিয়ায় জমকালো আয়োজনে ‘আইকনিক স্পোর্টস জোন’ উদ্বোধন

রাঙ্গুনিয়া টুডে প্রতিবেদক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় জমকালো আয়োজনে উদ্বোধন হয়েছে ‘রাঙ্গুনিয়া আইকনিক স্পোর্টস জোন’। সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ধামাইরহাট বাজারসংলগ্ন উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় এবং উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজের পাশে গড়ে ওঠা এ স্পোর্টস জোনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও কামরুল হাসান বলেন, একসময় বিদ্যালয়ের এই পরিত্যক্ত জায়গায় নেশাসহ নানা অপকর্মের আশঙ্কা ছিল। স্থানীয় যুবকরা ভালো কিছু করার প্রস্তাব দিলে মাঠ তৈরির উদ্যোগকে প্রশাসন ও বিদ্যালয় কতৃপক্ষ আইনি প্রক্রিয়ার মাধ্যমে অনুমোদন দেয়।

তিনি বলেন, “একটা বা দুইটা স্টেডিয়ামের চেয়ে বিশটা খেলার মাঠ ভালো। ধরুন, একটা স্টেডিয়ামে আমি ১০০ টাকা খরচ করছি। কিন্তু বিশটা মাঠে যদি প্রতিটিতে ৫ টাকা খরচ করি, তাহলে হয়তো সব মাঠে স্টেডিয়ামের মতো লাইটিং বা অন্যান্য ব্যবস্থা থাকবে না। কিন্তু ঐ মাঠগুলো আগামী একশো বছর কাজে লাগবে। তাই একটি স্টেডিয়ামের চেয়ে বিশটা মাঠ হওয়া ভালো। তবে এটাকে আমি নিরুৎসাহিত করছি না। এর মাধ্যমে সমাজের একজন ছেলেকেও যদি অসৎপথ থেকে ভালো পথে আনা যায়, তাহলেই যারা পরিশ্রম ও বিনিয়োগ করেছেন তাদের সার্থকতা।”

তিনি আরও যোগ করেন, “আমরা রাঙ্গুনিয়ার আশপাশের বিত্তশালী যারা আছেন তাদের সঙ্গে নিয়ে চেষ্টা করছি কয়েকটি মাঠ তৈরি করতে। যতদিন এখানে থাকছি, আমি চেষ্টা করব কিছু মাঠ তৈরি করে দেওয়ার।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ, রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরমিন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস, উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. জাহেদুর রহমান, উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রাঙ্গুনিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ অনেকে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে মিনিবার ফুটবল খেলায় অংশ নেন উপজেলা প্রশাসন ও রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সদস্যরা।

প্রসঙ্গত, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নির্মিত এ মাঠে আউটডোরে ফুটবল, ক্রিকেট, ভলিবল এবং ইনডোরে বিলিয়ার্ড খেলার সুযোগ করার কথা রয়েছে। আয়োজকরা জানান, ফিফা অনুমোদিত টার্ফ ব্যবহারের ফলে মাঠটি সারা বছর খেলার উপযোগী থাকবে।

রাঙ্গুনিয়ার বেতাগীতে গরু চুরি, আতঙ্কে গ্রামবাসী

এম জাহাঙ্গীর নেওয়াজ, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় এক প্রবাসীর পরিবারের গোয়ালঘর থেকে গরু চুরির অভিযোগ উঠেছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে উপজেলার বেতাগী ইউনিয়নের চম্পাতলী এলাকায় প্রবাসী নুর মোহাম্মদের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী বেলালের মা বলেন, “আমাদের পুরনো বাড়িতে সেদিন একটি মাহফিল চলছিল। এ সময় বিদ্যুতও ছিল না। রাত তিনটার দিকে আমি ঘুমিয়ে পড়ি। এর মধ্যে চোরের দল গোয়ালঘর থেকে আমার তিনটি গরু চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা।”

স্থানীয় জাফর আলম বলেন, “বর্তমানে চম্পাতলী এলাকায় অপরাধপ্রবণতা বেড়েছে। আগে কখনো এমন ঘটনা ঘটেনি। সম্প্রতি বিভিন্ন অপরাধী মাথাচাড়া দিয়ে উঠেছে। এতে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কিছু দিন আগে তালুকদার বাড়ির প্রবাসী হাজী মমতাজ আলমের নতুন ঘরে ডাকাতির ঘটনাও ঘটেছিল।”

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, “এ ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ইতোমধ্যে রাঙ্গুনিয়ায় আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন অপরাধী গ্রেফতার ও নিয়মিত পুলিশ টহল জোরদার রয়েছে।

ওমানে রাঙ্গুনিয়ার দুই প্রবাসীর মৃত্যু, একজন সড়কে, অন্যজন অসুস্থতায়

রাঙ্গুনিয়া টুডে প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের দেশ ওমানে রাঙ্গুনিয়ার দুই প্রবাসীর মৃত্যু হয়েছে। একজন প্রাণ হারিয়েছেন সড়ক দুর্ঘটনায়, অন্যজন অসুস্থজনিত কারণে।

প্রয়াতদের একজন উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নিশ্চিন্তাপুর এলাকার মো. ফারুক (৩৫)। তিনি মৃত আরবান আলীর ছেলে। অন্যজন ময়ূর উদ্দিন (২২), পারুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড উত্তর পারুয়া এলাকার আবুল হাশেমের ছেলে।

ফারুকের মৃত্যুর বিষয়ে একই এলাকার ওমানপ্রবাসী জামাল উদ্দিন জানান, তিনি সোহার গাদাফান এলাকায় ফ্রি ভিসায় কাজ করতেন। সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা তার লিভারের সমস্যা শনাক্ত করেন। পরে দেশে পাঠানোর উদ্যোগ নেন। কিন্তু দেশে ফেরার উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান তিনি। পরে আবার হাসপাতালে নেওয়া হলে গত শনিবার (২০ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। বর্তমানে তার লাশ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ফারুকের এলাকার বাসিন্দা মো. সোহেল জানান, তিনি প্রায় ১০ বছর ধরে প্রবাসে ছিলেন। দেড় বছর আগে সর্বশেষ বাংলাদেশে এসে পুনরায় ওমানে পাড়ি জমান। পরিবারে স্ত্রী ও দুই সন্তান রয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

অন্যদিকে, ময়ূরের বড় ভাই আবদুল সুক্কুর জানান, গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ওমানের বোয়ালী এলাকায় আরবাবের কাছে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। গাড়িতে আরও তিনজন ছিলেন। গাড়ি উল্টে গেলে সবাই আহত হন। তবে ময়ূরের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, তিনি ঘটনাস্থলেই মারা গেছেন।

ময়ূর একটি মাছ পরিবহনকারী প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। প্রায় ৩ বছর আগে প্রবাসে যান তিনি। সর্বশেষ ৪-৫ মাস আগে দেশে এসে আবারও ওমানে ফিরে যান। চার ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তার লাশ দেশে পাঠানোর বিষয়ে পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্টদের সাথে কথা চলছে।

শারদীয় দুর্গাপূজা: সার্বক্ষণিক মাঠে সক্রিয় থাকবে পুলিশ

রাঙ্গুনিয়া টুডে প্রতিবেদক: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ।

শনিবার (২০ সেপ্টেম্বর) দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন পদুয়া এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) এএসপি বেলায়েত হোসেন। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম।

প্রধান অতিথির বক্তব্যে এএসপি বেলায়েত হোসেন বলেন, “কেউ যেন গুজব না ছড়ায়। একজন যদি একটি স্ট্যাটাস দেন, আরেকজন তা শেয়ার করলে মুহূর্তেই শতাধিক মানুষের মধ্যে ছড়িয়ে যেতে পারে। তাই গুজবে কান না দিয়ে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানাতে হবে। প্রশাসন সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেবে।”

প্রতিমা বিসর্জন সংক্রান্ত নির্দেশনার কথা উল্লেখ করে তিনি বলেন, “নির্ধারিত সময় অবশ্যই মেনে চলতে হবে। দেরি হলে নানা সমস্যার সৃষ্টি হয়। শুধু চট্টগ্রাম নয়, হেডকোয়ার্টার পর্যন্ত জটিলতা তৈরি হয়। কারণ সারাদেশে প্রতিমা বিসর্জনের পরপরই প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদন পাঠাতে হয়।”

তিনি আরও বলেন, “অধিকাংশ অপরাধই অন্ধকারে ঘটে। যেহেতু শীতকাল আসছে এবং দিন ছোট হয়ে যাচ্ছে, তাই আমার অনুরোধ—সন্ধ্যার আগেই বিসর্জন কার্যক্রম সম্পন্ন করবেন।”

নিরাপত্তা প্রসঙ্গে আশ্বাস দিয়ে এএসপি বেলায়েত হোসেন বলেন, “পুলিশ ২৪ ঘণ্টা দায়িত্ব পালনে সক্রিয় থাকবে। একবার জানালেই যথেষ্ট, দ্বিতীয়বার ফোন করার প্রয়োজন হবে না—পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।”

তিনি আরও বলেন, “এটা শুধু একটি উৎসব নয়, এটি শ্রদ্ধা ও ভক্তির অনুষ্ঠান। ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন করতে হবে। আপনাদের ধর্মীয় সম্মান রক্ষার দায়িত্ব আপনাদেরই। খেয়াল রাখবেন, কোনো ঘটনার কারণে যেন নিজেরাই অসম্মানিত না হন।”

তিনি লাইটিং, সিসি ক্যামেরা, বিদ্যুতের বিকল্প ব্যবস্থা রাখা এবং পূজা মণ্ডপে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সভাপতি মো. ইলিয়াছ তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক অরূপ চৌধুরী, সদস্য সচিব লিটন দে, দক্ষিণ রাঙ্গুনিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদ কমিটির আহ্বায়ক ডা. দয়াল হরি শীল, যুগ্ম আহ্বায়ক জয় চক্রবর্তীসহ রাঙ্গুনিয়ার বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি, সদস্য, স্বেচ্ছাসেবক এবং সাংবাদিকবৃন্দ।

সভায় দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অন্তর্গত সব পূজা মণ্ডপের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।

এছাড়া প্রতিটি মণ্ডপের সভাপতির নিকট আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ সংক্রান্ত নিয়মাবলি সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, “আসন্ন শারদীয় দুর্গাপূজা যাতে সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হতে পারে, সেই লক্ষ্যে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ সদা তৎপর। জনগণের সেবায় সার্বক্ষণিক নিয়োজিত থাকবে পুলিশ।”

মোবাইল জুয়া তরুণদের বিপথগামী করছে, ইসলামি জীবন গড়ার আহ্বান

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ঘাগড়া খিল মোগল বাদামতলী এলাকায় এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) হযরত মাওলানা জয়নাল আবেদীন (রহ.) স্মৃতি সংসদ, এলাকাবাসী ও প্রবাসীদের উদ্যোগে বাদামতলী মসজিদ সংলগ্ন এলাকায় এ মাহফিলের আয়োজন করা হয়।

সাবেক ইউপি সদস্য আলহাজ নবাব শাহ মিয়া তালুকদারের সভাপতিত্বে মাহফিলের উদ্বোধক ছিলেন জুন-নুরাইন কাদেরিয়া জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ ইয়াছিন আরাফাত আল-কাদেরী।

এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের রামু উপজেলার জঙ্গলপীর ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার আলহাজ আল্লামা মুফতি আবদুল আজিজ রজভী।

প্রধান ওয়ায়েজ ছিলেন তাহেরিয়া রশিদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা সৈয়দ তৌহিদুল আলম আল-কাদেরী। বিশেষ বক্তা ছিলেন চন্দ্রঘোনা তৈয়্যবিয়া আদুদিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক ও বাদামতলী জামে মসজিদের খতিব ক্বারী মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম আল-কাদেরী।

মাহফিলে আলোচনায় বক্তারা বলেন, বর্তমান সমাজে মোবাইল গেম ও জুয়া শিশু-কিশোর ও তরুণ সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। এ থেকে তাদের বিরত রাখতে পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ নেওয়া জরুরি।

এ সময় বক্তারা পিতা-মাতার হক আদায়সহ বিভিন্ন ইসলামি নির্দেশনা তুলে ধরেন এবং মুসল্লিদের ইসলামি অনুশাসন মেনে চলার মাধ্যমে আল্লাহর হক আদায়ের আহ্বান জানান।

রাঙ্গুনিয়ার আগুনে পুড়ল ৩ দোকান

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আগুনে তিনটি দোকান পুড়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পোমরা ইউনিয়নের শান্তিরহাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. জাহেদুর রহমান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো— আবদুল মান্নানের ‘জেসি ইলেকট্রনিকস’, এমদাদুল হকের ‘খাজা গরীবে নেওয়াজ স্টোর’ এবং মোহাম্মদ আলী বাদশার ‘বাদশা স্টোর’।

স্টেশন কর্মকর্তা জাহেদুর রহমান আরও জানান, আগুনে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হলেও ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় ১০ লাখ টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।

দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে বহিষ্কার — হুম্মাম কাদের চৌধুরী

রাঙ্গুনিয়া টুডে প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, দলের নাম ভাঙিয়ে কেউ অনিয়মে জড়ালে এবং হাতেনাতে ধরা পড়লে তাকে তৎক্ষণাৎ বহিষ্কার করা হবে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা রয়েছে বলে জানান তিনি।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন সরফভাটায় একটি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে হুম্মাম কাদের চৌধুরী বলেন, আজ আসার পথে আমাদের মুরুব্বি সওকত আলী নূর জানালেন যে সরফভাটায় সাধারণত সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে ৯০ ভাগ ভোট ছিল। তিনি বলেন, উনার কথার প্রেক্ষিতে বলতে চাই—৯০ ভাগ ভোট সঠিক নয়; আজকের জনগণের উপস্থিতিই প্রমাণ করে এই সরফভাটার ১০০ ভাগ ভোটই সালাউদ্দিন কাদের চৌধুরীর।

তিনি আরও বলেন, ‘‘বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সবাইকে সালাম জানাই। আজ এত গরমে বিভিন্ন স্থান থেকে বিশাল মিছিল নিয়ে এসে যে উপস্থিতি করেছেন, আমি জানি—আপনারা আমাকে দেখতে আসেননি; এসেছেন এটা প্রমাণ করতে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঘাটি সরফভাটা।’’

হুম্মাম কাদের চৌধুরী বলেন, ‘‘আপনারা দলের জন্য গত ১৬ বছর যে পরিশ্রম করেছেন, সেই কষ্ট এবং জীবিত থাকার সংগ্রাম সকলেরই জানা। সেই সময়ে অনেক ক্ষেত্রে আওয়ামী লীগকে চাঁদা দিতে হয়েছে। কিন্তু কষ্টের বিষয় হলো, নতুন করে স্বাধীনতার পরও কেউ কেউ বিএনপির নাম ভাঙিয়ে আপনাদের থেকে চাঁদা দাবি করছেন।’’

তিনি আশ্বস্ত করে বলেন, ‘‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশনা রয়েছে — দলের নাম ভাঙিয়ে এ ধরনের কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। যারা এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত, তাদের হাতেনাতে ধরতে পারলে সেই মুহূর্তেই বহিষ্কার করা হবে।’’

সরফভাটার ইত্যাদি চত্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে জনসভায় হুম্মাম আরও বলেন, আমি ওয়াদা করছি, জিয়া পরিবার রাঙ্গুনিয়ার বিষয়ে যে সিদ্ধান্ত দেবে তা মাথা পেতে নেবো। দলের পক্ষ থেকে যাকেই মনোনয়ন দেবে তাকেই আমরা মেনে নেবো। আশাকরি বাকী যারা নমিনেশন চাচ্ছে, তারাও যেনো একই ধরণের ওয়াদা করেন। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্যকে সংসদে পাঠাতে হবে, এই লক্ষে সবাইকে একযোগে কাজ করতে হবে।

রাঙ্গুনিয়ায় জামায়াতের গণসংযোগ: সুশাসন ফেরাতে দাঁড়িপাল্লা প্রতীকে ভোটের আহ্বান

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : কেন্দ্র ঘোষিত দাওয়াতি কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গণসংযোগ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের ২নং ও ৩নং ওয়ার্ডে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আমিরুজ্জামান। তিনি বলেন, “দেশে সুশাসন ফেরাতে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করতে হবে।”
তিনি আরও বলেন, “আল্লাহর আইন প্রতিষ্ঠা এবং সৎ ও যোগ্য মানুষের শাসনব্যবস্থা কায়েম করতে হলে সবাইকে সচেতনভাবে সিদ্ধান্ত নিতে হবে।”

এসময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাসান মুরাদ, সেক্রেটারি মাস্টার কামাল উদ্দিনসহ ইউনিয়ন ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাসান মুরাদ জানান, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত ১৩ সেপ্টেম্বর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ধারাবাহিকভাবে এ কর্মসূচি পালন করা হচ্ছে। এরই অংশ হিসেবে আজ পারুয়া ইউনিয়নে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে স্থানীয় জনগণের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীরাও অংশগ্রহণ করেন।

সমাজ উন্নয়নে ভিডিপি সদস্যদের অবদান প্রশংসনীয়

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ১০ দিনব্যাপী গ্রামভিত্তিক ভিডিপি (গ্রাম প্রতিরক্ষা দল) মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান। তিনি বলেন, “ভিডিপি সদস্যরা গ্রাম পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস ও মাদক প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। মৌলিক প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা যেন বাস্তব জীবনে এই জ্ঞানকে কাজে লাগিয়ে সমাজ উন্নয়নে ভূমিকা রাখে, সেটিই আমাদের প্রত্যাশা।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শামীমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুমন শর্মা, উপজেলা মহিলা প্রশিক্ষিকা নাদিরা পারভীন, সাংবাদিক ইসমাঈল হোসেন নয়ন, কোম্পানি কমান্ডার মো. শহীদউল্লাহ এবং ভিডিপি লালানগর ইউনিয়নের দলনেতা কাজী সিরাজুল হক।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ১০০ জন ভিডিপি সদস্যের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

এই প্রশিক্ষণের মাধ্যমে ভিডিপি সদস্যরা যেমন নিজেদের দক্ষতা বৃদ্ধি করেছেন, তেমনি ভবিষ্যতে গ্রামীণ সমাজে নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিতে তাদের ভূমিকা আরও কার্যকর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

শিক্ষার্থীদের ক্লাসে একদিনের শিক্ষক ইউএনও

একদিনের শিক্ষক ইউএনও মো. কামরুল হাসান শিক্ষার্থীদের ক্লাসে

রাঙ্গুনিয়া টুডে প্রতিবেদক: দুপুরের নীরবতা ভাঙতেই উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে নেমে আসে অন্যরকম প্রাণচাঞ্চল্য। সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা অবাক চোখে দেখল—আজ তাদের ক্লাস নিচ্ছেন কেউ ভিন্ন মানুষ। সাদা বোর্ডের সামনে দাঁড়িয়ে শিক্ষক নন, উপস্থিত হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান।

বিদ্যালয় পরিদর্শনে এসে ইউএনও আনুষ্ঠানিকতা এড়িয়ে নেমে পড়েন শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি পাঠদানে। হাতে বই নিয়ে প্রশ্ন করেন, মনোযোগ দিয়ে উত্তর শোনেন, এবং পড়াশোনায় আগ্রহী হওয়ার পরামর্শ দেন।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “শুধু পাঠ্যবই নয়, জ্ঞান, নৈতিকতা ও শৃঙ্খলা অর্জন করাটাই গুরুত্বপূর্ণ। আগামী দিনের নেতৃত্ব গড়ে তুলতে হলে পড়াশোনায় মনোযোগী হতে হবে।”

পরিদর্শনের সময় তিনি বিদ্যালয়ের পরিবেশ, শ্রেণিকক্ষের শৃঙ্খলা ও পাঠদানের মানও ঘুরে ঘুরে দেখেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করা ইউএনওর এই উদ্যোগে শিক্ষার্থীরা উচ্ছ্বাসিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুমন শর্মা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশীদসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

শিক্ষকেরা জানান, ইউএনওর সরাসরি অংশগ্রহণ শিক্ষার্থীদের মনে নতুন অনুপ্রেরণা জাগিয়েছে। আর শিক্ষার্থীরা বলছে, একদিনের জন্য হলেও ইউএনওকে শিক্ষক রূপে পাওয়া তাদের কাছে হয়ে রইল এক অনন্য অভিজ্ঞতা।

 

এসবি ঢাকার বিশেষ পুলিশ সুপার সিরাজুম মুনিরা লাজুকের ইন্তেকালে বাংলাদেশ পুলিশের শোক

ডেস্ক: পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ঢাকার বিশেষ পুলিশ সুপার সিরাজুম মুনিরা লাজুক বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডিস্থ ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। বুধবার রাতে বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত শোকবার্তায় এ তথ্য জানানো হয়।

সূত্র জানায়, সিরাজুম মুনিরা লাজুক ১৯৭৮ সালে বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানার চরহোগলা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ২০০৬ সালে ২৫তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন তিনি। কর্মজীবনে দায়িত্বশীলতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে গেছেন এই কর্মকর্তা।

এসবি ঢাকার অধীনে তিনি ট্রেনিং অ্যান্ড রিসার্চ উইং, স্কুল অব ইন্টেলিজেন্স, কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স উইং এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইন্টেলিজেন্স শাখায় দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি এসবি ঢাকার বিশেষ পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স উইং) হিসেবে কর্মরত ছিলেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর। তিনি স্বামী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সিরাজুম মুনিরা লাজুকের মৃত্যুতে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ এবং বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

রাঙ্গুনিয়ায় ডিসি সড়কের বেহাল দশা: সংস্কারের দাবিতে আবেদন

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পারুয়া ডিসি সড়কের বেহাল দশায় দুর্ভোগের শিকার হাজারো মানুষ। সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়ে উপজেলা প্রকৌশলী ও নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন এক কলেজ শিক্ষক।

আবেদনকারী এম আনোয়ার হোসেন একজন মানবাধিকার কর্মী ও কলামিস্ট। তিনি উপজেলার ঘাটচেক থেকে রানীরহাট পর্যন্ত বিস্তৃত সড়কটির বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে বলে আবেদনে উল্লেখ করেন।

এম আনোয়ার হোসেন বলেন, “এটি উত্তর রাঙ্গুনিয়ার মানুষের প্রধান চলাচলের পথ। সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় অসুস্থ রোগী, গর্ভবতী নারী, বৃদ্ধ ও শিশুদের যাতায়াতে মারাত্মক দুর্ভোগ হচ্ছে।”

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী রেজাউল করিম মঙ্গলবার জানান, তারা আবেদনটি পেয়েছেন।
রেজাউল করিম বলেন, “ইতোমধ্যে আরটিআইপি-২ প্রজেক্টে সড়কটির তথ্য পাঠানো হয়েছে। প্রজেক্ট অনুমোদিত হলে পুরো রাস্তাটিই মেরামত করা হবে। তবে সাময়িক দুর্ভোগ কমাতে খানাখন্দগুলো সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান বলেন, “বিষয়টি নিয়ে উপজেলা প্রকৌশলীর সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করা হবে।”

রাঙ্গুনিয়ায় নিখোঁজের ৬ ঘণ্টা পর ধানক্ষেতে মিলল যুবকের লাশ

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিখোঁজের প্রায় ছয় ঘণ্টা পর নয়ন আচার্য (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।

নিহত নয়ন আচার্য উপজেলার পারুয়া ইউনিয়নের বাসিন্দা মৃত ননী গোপাল আচার্যের ছেলে। তিনি একটি কোম্পানিতে সেলসম্যান হিসেবে কাজ করতেন।

স্থানীয়রা জানান, সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সাইকেলযোগে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন নয়ন। দীর্ঘ সময়েও বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। রাত আড়াইটার দিকে স্থানীয়রা রোয়াজারহাট-রানীরহাট ডিসি সড়কের পাশের একটি ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে খবর দেন। পরে এলাকাবাসী লাশ উদ্ধার করে।

এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, “পরিবারের বরাতে জানা গেছে নয়ন দীর্ঘদিন ধরে মৃগীরোগে ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ রোগের কারণেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবার কোনো অভিযোগ করেনি।”

৩৪ বছরের সেবা শেষে বিদায় নিলেন অতিরিক্ত আইজি তমিজউদ্দীন

ডেস্ক: বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি সরদার তমিজউদ্দীন আহমেদ, বিপিএম, ৩৪ বছরের দীর্ঘ সেবাজীবনের পর অবসরে যাচ্ছেন। তাঁর বিদায় উপলক্ষে আজ (১৫ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাহারুল আলম, বিপিএম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে অতিরিক্ত আইজিগণ, ঢাকাস্থ বিভিন্ন ইউনিটের প্রধান এবং হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিদায়ী কর্মকর্তার পেশাগত ও ব্যক্তিজীবনের নানা দিক নিয়ে পুলিশ কর্মকর্তারা স্মৃতিচারণ করেন। আইজিপি তার সততা ও সুনামের প্রশংসা করেন এবং সুস্থ জীবন কামনা করেন।

প্রসঙ্গত, ১৯৯১ সালের ২০ জানুয়ারি সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশের সাথে যুক্ত হন সরদার তমিজউদ্দীন আহমেদ। তিনি ঝালকাঠি ও মাদারীপুর জেলার পুলিশ সুপার এবং পরে রেলওয়ে পুলিশের প্রধানের দায়িত্ব পালন করেছেন। বিদায়ী কর্মকর্তা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

সূত্র: বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজ