হার্ড লাইনে চট্টগ্রাম জেলা প্রশাসন

চট্টগ্রাম: চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানমের সভাপতিত্বে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা রোববার (১০ আগস্ট) অনুষ্ঠিত হয়।

সভায় জেলা ও মহানগর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। লুণ্ঠিত অবৈধ অস্ত্র পুনরুদ্ধার, পূর্বে ইস্যুকৃত অস্ত্রের বৈধতা যাচাই, অযোগ্য ব্যক্তির লাইসেন্স বাতিল এবং সব ধরনের অস্ত্রের ওপর গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়।

গ্রাম আদালতের চেয়ারম্যানদের অনুপস্থিতিতে মামলা নিষ্পত্তি ব্যাহত হওয়ায় ইউনিয়ন পরিষদকে আরও সক্রিয় করে জনসেবা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। পাশাপাশি মাদকদ্রব্য উদ্ধার ও রেলপথে মাদক চোরাচালান রোধে টাস্কফোর্স অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট কার্যক্রম জোরদারের নির্দেশ দেওয়া হয়।

সভায় কিশোর অপরাধ ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, অনিবন্ধিত সিএনজি শনাক্তকরণ, চিহ্নিত স্থানে শিক্ষা কার্যক্রম বন্ধ করে ধর্ষণ ও যৌন নির্যাতন প্রতিরোধসহ নানা বিষয়ে আলোচনা হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি পেলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে—এ মর্মে সংশ্লিষ্ট বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

সভায় কিশোর অপরাধ ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, অনিবন্ধিত সিএনজি শনাক্তকরণ, চিহ্নিত স্থানে শিক্ষা কার্যক্রম বন্ধ করে ধর্ষণ ও যৌন নির্যাতন প্রতিরোধসহ নানা বিষয়ে আলোচনা হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি পেলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে—এ মর্মে সংশ্লিষ্ট বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

এছাড়া উচ্ছেদ অভিযান, অবৈধ বালি উত্তোলন বন্ধ, পাহাড় কাটা রোধ, খুন-ডাকাতি-চাঁদাবাজি প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন রোধ, রেল ও সড়কপথে মাদক পাচার প্রতিরোধ, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ এবং জানমাল রক্ষায় সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। যানজট নিরসনে ফুটপাত দখল করে দোকান স্থাপন বন্ধেরও নির্দেশ দেওয়া হয়।

কৃষি খাতে ব্লক সুপারভাইজারদের দায়িত্বশীলতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়, যাতে সার ও বীজ বিতরণ এবং কৃষি পরামর্শে সমন্বিত পদক্ষেপ নিয়ে কৃষকদের ক্ষতি রোধ করা যায়। রাউজানসহ জেলার ঝুঁকিপূর্ণ এলাকায় রাজনৈতিক অপতৎপরতা নিয়ন্ত্রণে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়।

জন্মাষ্টমী ২০২৫ উদযাপন উপলক্ষে যানজট নিরসনে অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে গোয়েন্দা নজরদারি জোরদারের সিদ্ধান্ত হয়। পাহাড়ি সন্ত্রাসীদের বিরুদ্ধে সম্মিলিত অভিযান পরিচালনারও আহ্বান জানানো হয়।

সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হকসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা ও মহানগরের আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, সুশীল সমাজ এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রাঙ্গুনিয়ায় প্রাণিসম্পদ কার্যালয়ের জানালা কেটে চুরি

রাঙ্গুনিয়া টুডে প্রতিবেদক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে এক কর্মকর্তার কক্ষের জানালা কেটে একটি টেলিভিশন ও প্রিন্টারসহ মালামাল চুরির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরমিন আক্তার।

ডা. শরমিন বলেন, “রোববার সকালে অফিস খুলে আমার কক্ষে ঢুকে দেখি জানালা কাটা। রুম থেকে একটি এলইডি টিভি ও একটি প্রিন্টার মেশিন চুরি হয়ে গেছে। তবে কক্ষে একটি কম্পিউটার থাকলেও সেটি নেয়নি।”
ধারণা করা হচ্ছে, গত শনিবার রাতের কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটে।

কার্যালয়ে কোনো নৈশপ্রহরী ছিল না জানিয়ে এই কর্মকর্তা বলেন, “অফিসে কোনো নাইট গার্ড নেই। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে নৈশপ্রহরী নিয়োগের জন্য সহযোগিতা চাওয়া হয়েছে।”

রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির মালামাল উদ্ধার এবং চোর শনাক্তে পুলিশের অভিযান চলছে।”

মাহমুদুর রহমানের মায়ের স্মরণে রাঙ্গুনিয়ায় দোয়া ও আলোচনা সভা

রাঙ্গুনিয়া টুডে প্রতিবেদক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদ ও দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানের মায়ের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) বিকেলে আমার দেশ পাঠকমেলা রাঙ্গুনিয়া শাখার আয়োজনে রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের হলরুমে এ দোয়া ও আলোচনা সভা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখার সভাপতি অধ্যাপক ইকবাল হোসেন তালুকদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। এতে প্রধান বক্তা ছিলেন উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি নুরুল আবছার তালুকদার।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ হাসান আলী চৌধুরী বলেন, “মাহমুদুর রহমানের মা একজন মহীয়সী নারী। একজন মায়ের অনেক সন্তান জন্ম দেওয়া লাগেনা—একজন সন্তানই সারাদেশকে নাড়িয়ে দিতে পারে, তার উজ্জ্বল উদাহরণ হলেন মাহমুদুর রহমান।”

তিনি আরও বলেন, “তার মা এমন সাহসী সন্তান জন্ম দিয়েছেন বলেই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার অগ্রযাত্রায় মাহমুদুর রহমান একটি উজ্জ্বল নাম। তিনি রক্ত দিয়েছেন, বছরের পর বছর কারাভোগ করেছেন, আলোর মুখ দেখেননি, তবুও অন্যায়ের সঙ্গে আপস করেননি। তাই মাহমুদুর রহমানের মায়ের জীবন সত্যিই সার্থক।”

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মুহাম্মদ শওকত হোসাইন, এডভোকেট এহসানুল হক, এডভোকেট মুহাম্মদ ইব্রাহিম, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইলিয়াস তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম তালুকদার, এডভোকেট আজিম উদ্দিন লাভলু, জাহেদ সিকদার, সড়ক উন্নয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শরীফ, এডভোকেট সরোয়ার কামাল, অধ্যাপক সুদর্শন বডুয়া, অধ্যাপক মিজানুর রহমান শাহীন, অধ্যাপক আনিসুল হক, চন্দ্রঘোনা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, কলিম হোসেন, এস এম মহিউদ্দিন বাবু প্রমুখ।

শেষে জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদের ও আমার দেশ পত্রিকা সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের আত্মহার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাবিব উল্লাহ রব্বানী।