নুরুল হক নূরের সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার

ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক পেইজ থেকে সংগৃহীত

ডেস্ক:

গণঅধিকার পরিষদের সভাপতি ও জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম রাজনীতিবিদ নুরুল হক নূরের সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন নূরের সহধর্মিণী মারিয়া আক্তার, সাধারণ সম্পাদক রাশেদ খান ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, নুরুল হকের শারীরিক অবস্থার কথা বলতে গিয়ে মারিয়া আক্তার কান্নায় ভেঙে পড়েন। তিনি জানান, নূরের মস্তিষ্কে রক্তক্ষরণ, নাকের হাড় ভাঙা এবং চোয়াল ও মেরুদন্ডে আঘাত পেয়েছেন।

মারিয়া আক্তার সুচিকিৎসার জন্য নূরকে বিদেশে নেওয়ার প্রয়োজনীয়তা জানালে প্রধান উপদেষ্টা তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেন। তিনি বলেন, “এ ঘটনায় আমরা সবাই স্তম্ভিত। তাঁর সুচিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বিচার বিভাগীয় তদন্ত চলছে।”

এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন।

আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, হামলার ঘটনায় বিচারপতি আলী রেজার নেতৃত্বে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। আগামীকাল এর গেজেট প্রকাশিত হবে, এবং ১৫ দিনের মধ্যে তদন্ত কমিটি তাদের কাজ সম্পন্ন করবে।

 

রাঙ্গুনিয়ায় নতুন সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ

রাঙ্গুনিয়া টুডে প্রতিবেদক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিয়েছেন দেবব্রত দাশ।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) যোগদানের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, গত ৩১ আগস্ট তিনি রাঙ্গুনিয়ায় যোগদান করেছিলেন।

জানা যায়, সাতক্ষীরা জেলার সন্তান দেবব্রত দাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করার পর ৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদান করেন।

রাঙ্গুনিয়ায় যোগদানের আগে তিনি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

উল্লেখ্য, পূর্বে রাঙ্গুনিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন মারজান হোসাইন। সম্প্রতি বদলির পর তার স্থলাভিষিক্ত হয়েছেন দেবব্রত দাশ।