রাঙ্গুনিয়ায় জমকালো আয়োজনে ‘আইকনিক স্পোর্টস জোন’ উদ্বোধন

রাঙ্গুনিয়া টুডে প্রতিবেদক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় জমকালো আয়োজনে উদ্বোধন হয়েছে ‘রাঙ্গুনিয়া আইকনিক স্পোর্টস জোন’। সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ধামাইরহাট বাজারসংলগ্ন উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় এবং উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজের পাশে গড়ে ওঠা এ স্পোর্টস জোনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও কামরুল হাসান বলেন, একসময় বিদ্যালয়ের এই পরিত্যক্ত জায়গায় নেশাসহ নানা অপকর্মের আশঙ্কা ছিল। স্থানীয় যুবকরা ভালো কিছু করার প্রস্তাব দিলে মাঠ তৈরির উদ্যোগকে প্রশাসন ও বিদ্যালয় কতৃপক্ষ আইনি প্রক্রিয়ার মাধ্যমে অনুমোদন দেয়।
তিনি বলেন, “একটা বা দুইটা স্টেডিয়ামের চেয়ে বিশটা খেলার মাঠ ভালো। ধরুন, একটা স্টেডিয়ামে আমি ১০০ টাকা খরচ করছি। কিন্তু বিশটা মাঠে যদি প্রতিটিতে ৫ টাকা খরচ করি, তাহলে হয়তো সব মাঠে স্টেডিয়ামের মতো লাইটিং বা অন্যান্য ব্যবস্থা থাকবে না। কিন্তু ঐ মাঠগুলো আগামী একশো বছর কাজে লাগবে। তাই একটি স্টেডিয়ামের চেয়ে বিশটা মাঠ হওয়া ভালো। তবে এটাকে আমি নিরুৎসাহিত করছি না। এর মাধ্যমে সমাজের একজন ছেলেকেও যদি অসৎপথ থেকে ভালো পথে আনা যায়, তাহলেই যারা পরিশ্রম ও বিনিয়োগ করেছেন তাদের সার্থকতা।”
তিনি আরও যোগ করেন, “আমরা রাঙ্গুনিয়ার আশপাশের বিত্তশালী যারা আছেন তাদের সঙ্গে নিয়ে চেষ্টা করছি কয়েকটি মাঠ তৈরি করতে। যতদিন এখানে থাকছি, আমি চেষ্টা করব কিছু মাঠ তৈরি করে দেওয়ার।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ, রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরমিন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস, উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. জাহেদুর রহমান, উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রাঙ্গুনিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ অনেকে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে মিনিবার ফুটবল খেলায় অংশ নেন উপজেলা প্রশাসন ও রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সদস্যরা।
প্রসঙ্গত, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নির্মিত এ মাঠে আউটডোরে ফুটবল, ক্রিকেট, ভলিবল এবং ইনডোরে বিলিয়ার্ড খেলার সুযোগ করার কথা রয়েছে। আয়োজকরা জানান, ফিফা অনুমোদিত টার্ফ ব্যবহারের ফলে মাঠটি সারা বছর খেলার উপযোগী থাকবে।
