রাউজানে ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, কিলন–চিমনি গুঁড়িয়ে ১২ লাখ টাকা জরিমানা
রাউজান (চট্টগ্রাম): চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে দিনব্যাপী মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়। এ অভিযানে চারটি ইটভাটার কিলন–চিমনি গুঁড়িয়ে মোট ১২ লাখ টাকা জরিমানা করে আদায় করা হয়।
বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ান-উল-ইসলাম।
পরিবেশ অধিদপ্তর জানায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) লঙ্ঘনের দায়ে চারটি ইটভাটার কিলন–চিমনি ভেঙে ফেলা হয় এবং জরিমানা আদায় করা হয়।
দণ্ডপ্রাপ্ত ইটভাটাগুলো রাউজান উপজেলার রশিদারপাড়া এলাকায় মেসার্স শাহসুন্দর ব্রিকস (CBM) — কিলন–চিমনি গুঁড়িয়ে ৩ লাখ টাকা জরিমানা। একই এলাকার মেসার্স শাহসুন্দর ব্রিকস (SBM) — কিলন–চিমনি গুঁড়িয়ে ৩ লাখ টাকা জরিমানা।
রাউজান উপজেলার পূর্ব রাউজান এলাকায় মেসার্স খাজা গরীবে নেওয়াজ ব্রিকস (KBI) — কিলন–চিমনি গুঁড়িয়ে ৪ লাখ টাকা জরিমানা।
রাউজান উপজেলার ডাবুয়া কলমপতি এলাকায় মেসার্স কাদেরিয়া ব্রিকস ম্যানুঃ (KBM) — কিলন–চিমনি গুঁড়িয়ে ২ লাখ টাকা জরিমানা।
অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন, পরিদর্শক চন্দন বিশ্বাস এবং ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দিন।
আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন র্যাব-০৭ চট্টগ্রামের সদস্যরা, চট্টগ্রাম আনসার সদর দপ্তরের সদস্যরা এবং রাউজান থানার পুলিশ সদস্যরা। সার্বিক সহযোগিতা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাউজান স্টেশনের সদস্যরা।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
