শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, দেশবাসীর প্রতি দোয়া ও শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

ডেস্ক: সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানা গেছে। এই অবস্থায় দেশবাসীর প্রতি শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে জানা যায়, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান আজ সেখানে গিয়ে শরিফ ওসমান হাদিকে দেখতে যান। পরে রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটের দিকে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বলেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

ফোনালাপে ড. ভিভিয়ান বালাকৃষ্ণান জানান, শরিফ ওসমান হাদির বর্তমান শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন।

ফুটপাত দখল ও যানজট কমাতে চট্টগ্রামে অ্যান্ডারগ্রাউন্ড মার্কেট নির্মাণের পরিকল্পনা জানালেন মেয়র

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের দীর্ঘদিনের হকার সমস্যা স্থায়ীভাবে সমাধানে অ্যান্ডারগ্রাউন্ড মার্কেট গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, ফুটপাত দখল করে হকার ব্যবসা পরিচালনার ফলে নগরে যানজট সৃষ্টি হচ্ছে এবং সাধারণ মানুষের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। এ সমস্যা নিরসনে পরিকল্পিতভাবে অ্যান্ডারগ্রাউন্ড মার্কেট স্থাপন করা হবে।

বুধবার (১৭ ডিসেম্বর) টাইগারপাসস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে অনুষ্ঠিত সিটি লেভেল কো-অর্ডিনেশন কমিটি (সিএলসিসি) সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র।

সভায় কমিটির সদস্যরা নগরীতে মশার উপদ্রব বৃদ্ধির কথা তুলে ধরে ৪১টি ওয়ার্ডে একই দিনে সমন্বিতভাবে ক্রাশ প্রোগ্রাম পরিচালনার প্রস্তাব দেন। মেয়র এ প্রস্তাবে সম্মতি জানিয়ে বলেন, সমন্বিত উদ্যোগ গ্রহণ করলে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম আরও জোরদার হবে।

এ সময় সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে হকার ব্যবসা পরিচালনার কারণে সৃষ্ট যানজট ও জনদুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান সদস্যরা। পাশাপাশি নগরীর জলাবদ্ধতা নিরসনে চলমান কার্যক্রমের জন্য মেয়রকে ধন্যবাদ জানিয়ে স্থায়ী পরিকল্পনা বাস্তবায়নের ওপর জোর দেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, নগরীর যানজটের অন্যতম কারণ হকার ব্যবসা। এ সমস্যা সমাধানে এর আগেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে, তবে এবার দীর্ঘমেয়াদি ও কার্যকর সমাধানের দিকে এগোনো হচ্ছে।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে অ্যান্ডারগ্রাউন্ড মার্কেট ব্যবস্থা নগরীর যানজট ও হকার সমস্যার কার্যকর সমাধান দিয়েছে। চট্টগ্রামেও এই মডেল বাস্তবায়নের চিন্তা করা হচ্ছে।

খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তার দায়িত্বে ব্রিগেডিয়ার (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম

ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামকে।

বুধবার (১৭ ডিসেম্বর) বিএনপি মিডিয়া সেল থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের স্বাক্ষরে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার নিমিত্তে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামকে ‘প্রধান নিরাপত্তা কর্মকর্তা’ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

বিজয়ের চেতনায় মানবিকতা: রাঙ্গুনিয়ায় এক হাজার মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা

রাঙ্গুনিয়া টুডে ডেস্ক: বিজয় দিবসের মহিমায় মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল রাঙ্গুনিয়া উপজেলা। স্বাধীনতার চেতনাকে হৃদয়ে ধারণ করে উপজেলার কোলাদা এলাকায় আয়োজন করা হয় দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্প, যেখানে প্রায় এক হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।

বুধবার (১৭ ডিসেম্বর) আয়োজিত এই মানবিক কর্মসূচির উদ্যোক্তা ছিল হাজী ওমর আলী ফাউন্ডেশন। সার্বিক সহযোগিতায় ছিল পার্কভিউ হাসপাতাল এবং রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটাল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই ক্যাম্পে নারী, পুরুষ, শিশু ও বয়স্ক—সব বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

মেডিকেল ক্যাম্পে প্রধান চিকিৎসক হিসেবে সেবা দেন ডা. এটিএম রেজাউল করিম—পার্কভিউ হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ও অর্থোপেডিক্স সার্জন। তাঁর সঙ্গে আরও ১৫ জন অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক বিভিন্ন বিভাগে রোগীদের পরামর্শ ও চিকিৎসা প্রদান করেন। সাধারণ চিকিৎসার পাশাপাশি অর্থোপেডিক, মেডিসিন, গাইনি, ডেন্টাল, হৃদরোগ ও শিশু রোগ বিভাগে বিশেষজ্ঞ পরামর্শ দেওয়া হয়।

এই ক্যাম্পের আরেকটি উল্লেখযোগ্য দিক ছিল বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা। গ্রামীণ জনগোষ্ঠীর জন্য এসব সেবা অত্যন্ত প্রয়োজনীয় হলেও অনেকের পক্ষেই নিয়মিত পরীক্ষা করানো সম্ভব হয় না। ফলে এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

চিকিৎসা নিতে আসা অনেক অসহায় ও দরিদ্র মানুষ বিনা খরচে প্রয়োজনীয় ওষুধ, পরীক্ষা এবং স্বাস্থ্য পরামর্শ পেয়ে সন্তোষ প্রকাশ করেন। তাদের ভাষায়, “বিজয় দিবসে এমন মানবিক আয়োজন আমাদের জন্য বড় উপহার।”

আয়োজকদের মতে, বিজয়ের প্রকৃত অর্থ কেবল উৎসবে সীমাবদ্ধ নয়—মানুষের পাশে দাঁড়ানোই স্বাধীনতার চেতনাকে বাস্তবে রূপ দেওয়ার অন্যতম পথ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

‘ডেভিলহান্ট’ অভিযানে রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

চট্টগ্রাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিলহান্ট ফেজ–২’-এর আওতায় আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত থেকে বুধবার (১৭ ডিসেম্বর) ভোর পর্যন্ত পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন রাঙ্গুনিয়া মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আরমান হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—আব্দুল লতিফ (৫২), মো. তারেকুল ইসলাম চৌধুরী (৩৯) ও ওমর ফারুক (৩৯)।

পুলিশ সূত্র জানায়, রাঙ্গুনিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইছাখালী আদিলপুর এলাকা থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফকে (৫২) নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। একই রাতে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মুরাদনগর পশ্চিম পাড়া এলাকা থেকে রাঙ্গুনিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগের সহ-সভাপতি মো. তারেকুল ইসলাম চৌধুরীকে (৩৯) আটক করা হয়। এছাড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও পৌর যুবলীগের প্রচার ও গবেষণা সম্পাদক ওমর ফারুককে (৩৯) নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানার এফআইআর নং–১৩ (তারিখ: ৩০ আগস্ট ২০২৪) ও জিআর নং–৮৪/২০২৪ এর মামলায় পেনাল কোড ১৮৬০-এর ৪৪৮/৩২৩/৩৪৭/৩৮৬/৪০৬/৪২০/৩৮৮/৫০৬(২) ধারায় অভিযোগ রয়েছে। মামলার তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন হিসেবে তাদের আদালতে হাজির করার জন্য পুলিশ স্কর্টের মাধ্যমে প্রেরণ করা হয়েছে।

রাঙ্গুনিয়া থানার ওসি জানান, ‘ডেভিলহান্ট’ অভিযানের অংশ হিসেবে আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রাঙ্গুনিয়ায় বন মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বন মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম মো. আজিম।

মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরমান হোসেন।

পুলিশ জানায়, মো. আজিম উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের সোনারগাঁও এলাকার বাসিন্দা। তিনি মৃত শাহ আলমের ছেলে।

ওসি জানান, মো. আজিমের বিরুদ্ধে বন আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রয়েছে। ওই মামলায় আদালত তাকে দুই বছরের কারাদণ্ড প্রদান করেন। আদালতের সাজা পরোয়ানা থাকায় তাকে নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আজ বুধবার (১৭ ডিসেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক শিক্ষকের মৃত্যু হয়েছে। নিহত শিক্ষকের নাম মোহাম্মদ নুরুল কবির (৩৪)।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার পদুয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের বাসিন্দা।

এ বিষয়ে উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ শাকিল জানান, নিহত নুরুল কবির ওই বিদ্যালয়ের বাংলা বিষয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

দুর্ঘটনার বিষয়ে তিনি জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে সিএনজিচালিত অটোরিকশায় করে যাওয়ার সময় তিনি হঠাৎ ছিটকে পড়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, “একটি সড়ক দুর্ঘটনায় এক শিক্ষকের মৃত্যুর খবর পেয়েছি। তবে এ ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ দেয়নি।”

জানা যায়, নিহত শিক্ষকের পরিবারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।