বিজয়ের আকাশে ইতিহাস, প্যারাস্যুটিংয়ে বিশ্বরেকর্ড বাংলাদেশের

রাঙ্গুনিয়া টুডে ডেস্ক : মহান বিজয় দিবস উপলক্ষে সর্বাধিক জাতীয় পতাকা হাতে প্যারাস্যুটিং করে বিশ্বরেকর্ড গড়েছে বাংলাদেশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁও পুরোনো বিমানবন্দর সংলগ্ন প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর উদ্যোগে এ ব্যতিক্রমী ও ঐতিহাসিক আয়োজন অনুষ্ঠিত হয়।

প্যারাস্যুটিং প্রদর্শনীতে ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন দক্ষ প্যারাট্রুপার অংশ নেন। একযোগে জাতীয় পতাকা হাতে আকাশ থেকে অবতরণের মাধ্যমে তারা বিশ্বের সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিংয়ের নতুন বিশ্বরেকর্ড সৃষ্টি করেন।

এই গৌরবোজ্জ্বল আয়োজন প্রত্যক্ষ করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এছাড়াও অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানকে আরও বর্ণিল করে তোলে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে আয়োজিত ফ্লাইপাস্ট মহড়া। এ সময় বাংলাদেশ বিমানবাহিনীর বিভিন্ন যুদ্ধবিমান ও হেলিকপ্টার আকাশে নান্দনিক ও কৌশলগত মহড়া প্রদর্শন করে, যা উপস্থিত দর্শনার্থীদের মুগ্ধ করে।

বিজয় দিবসের এই আয়োজন মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম ও সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের এক অনন্য নিদর্শন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

মহান বিজয় দিবস: স্মৃতিসৌধে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

ডেস্ক: মহান বিজয় দিবসে স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করা হয়।

সকাল ৬টা ৩৩ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে তিনি মহান বিজয় দিবসের রাষ্ট্রীয় কর্মসূচির সূচনা করেন।

এরপর সকাল ৬টা ৫৭ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। পুষ্পস্তবক অর্পণের পর তিনি কিছু সময় নীরবে দাঁড়িয়ে থেকে বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।

এদিকে বিজয়ের ৫৪ বছর পূর্তি উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে বর্ণিল আয়োজন। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা থেকেই লাল-সবুজের আলোকসজ্জায় ঝলমল করে উঠেছে রাজধানীর বিভিন্ন এলাকা। বিজয়ের এই আনন্দঘন আয়োজন নগরবাসীর মাঝে সৃষ্টি করেছে উৎসবমুখর পরিবেশ।