ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের নিরাপত্তায় যৌথ বাহিনী অভিযান জোরদার
ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইন-শৃঙ্খলা বজায় রাখতে এখন থেকে নিয়মিতভাবে যৌথ বাহিনীর অভিযান চালানো হবে। এই তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।
রবিবার (২১ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটরিয়ামে অনুষ্ঠিত ব্রিফিংয়ে তিনি বলেন, “অভিযান বর্তমানে সক্রিয় রয়েছে এবং আমরা বলেছি, এটা নিয়মিতভাবে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে। প্রতিদিনই প্রায় দুই হাজার জন করে গ্রেপ্তার হচ্ছে।”
এর আগে, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এর নেতৃত্বে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার জন্য এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, তিন বাহিনী প্রধান বা তাদের প্রতিনিধি, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, মহাপুলিশ পরিদর্শক (আইজিপি), এনএসআই, ডিজিএফআই, কোস্ট গার্ড, বিজিবি, র্যাব, আনসার ও ভিডিপি মহাপরিচালক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার উপস্থিত ছিলেন।
বৈঠকে নির্বাচন কমিশনের চার সদস্য—আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ অংশ নেন।
এছাড়া, দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বৈঠক করেন। ভোটের তফসিল ঘোষণার পর এটি তিন বাহিনী প্রধানের সঙ্গে নির্বাচন কমিশনের প্রথম সাক্ষাৎ।
