রাঙ্গুনিয়ায় বেগম রোকেয়া দিবসে নারীদের পাশে দাঁড়ানোর অঙ্গিকার উপজেলা প্রশাসনের

রাঙ্গুনিয়া : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে এবং কারিতাসের সহযোগিতায় আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসান। বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নাব জমিলা, প্রাণিসম্পদ কর্মকর্তা ড. শরমিন আকতার, কারিতাসের মাঠ কর্মকর্তা গৌরি ভট্টাচার্য্য এবং রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি ও সম্পাদক।

ইউএনও নাজমুল হাসান বক্তব্যে বলেন, “পুরুষদের ক্ষেত্রে দেখা যায়, অনেকেই পারিশ্রমিক ঘরে নিয়ে যাওয়ার আগে চার ভাগের একটি অংশ বাইরে ব্যয় করে দেন, আর বাকি তিন ভাগ ঘরে আসে। কিন্তু নারীরা উপার্জিত অর্থকে সুন্দরভাবে ব্যবহার করে পরিবার ও সন্তানদের লালন-পালনে ব্যয় করেন। নারী যে কোনো চাকরি বা ব্যবসার মাধ্যমে যতটা উপার্জন করেন, সেটি সর্বোচ্চ চেষ্টা করে পরিবারের জন্য ব্যয় করার।”

তিনি আরও বলেন, “নারীরা আমাদের সন্তান ও পরিবারের প্রতি যে স্নেহ ও দায়িত্বশীলতা দেখান, তা আমরা অনেক সময় দেখতে পাই না। উদাহরণস্বরূপ, এই অনুষ্ঠানে রাখা নাস্তা অনেকেই নিজে খাবেন না, সন্তানদের জন্য সঙ্গে নিয়ে যাবেন। এটাই আমাদের বাঙালি মায়ের পরিচয়।”

ইউএনও নাজমুল হাসান সভায় আশ্বাস দেন, উপজেলা প্রশাসন সবসময় নারীদের পাশে থাকবে। তিনি বলেন, প্রশিক্ষণ, কর্মশালা ও ঋণ বিতরণসহ যেকোনো সহযোগিতায় নারীদের পাশে দাঁড়াবে উপজেলা প্রশাসন।

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান সিএমপি কমিশনারের

চট্টগ্রাম: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নভেম্বর-২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টা ৩০ মিনিটে দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ, বিপিএম।

সভায় কমিশনার নগরীর সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানাসহ মহানগর গোয়েন্দা বিভাগকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পরামর্শ দেন। মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ দমনে প্রতিটি বিভাগের উপ-পুলিশ কমিশনারকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান তিনি।

কমিশনার বলেন, রুজুকৃত হত্যা মামলা ও অন্যান্য অপরাধসংক্রান্ত অভিযোগের দ্রুত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জনগণের কাছে মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করতে হবে। পাশাপাশি মামলা নিষ্পত্তির হার বৃদ্ধি ও ওয়ারেন্ট তামিলে গতি আনতে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

ট্রাফিক ব্যবস্থাপনা আরও দক্ষ ও গতিশীল করতে ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনার পাশাপাশি সার্বিক ট্রাফিক কার্যক্রম আরও শক্তিশালী করার নির্দেশও প্রদান করা হয়।

সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) মোঃ হুমায়ুন কবির; অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়া উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (সদর), মোঃ ফেরদৌস আলী চৌধুরী বিপিএম (এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট), হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া (পশ্চিম) এবং নেছার উদ্দিন আহম্মেদ পিপিএম (ট্রাফিক-উত্তর)সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নারীশিক্ষা-অধিকার-জাগরণে অবদানের স্বীকৃতি: বেগম রোকেয়া পদক পেলেন চার বিশিষ্ট নারী

ডেস্ক রিপোর্ট: প্রতি বছরের মতো এবারও নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ চার বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক প্রদান করা হয়েছে।

বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি পদকপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন।

এ বছর পদকপ্রাপ্তরা হলেন— রুভানা রাকিব (নারীশিক্ষা–গবেষণা), কল্পনা আক্তার (নারী অধিকার–শ্রম অধিকার), ঋতুপর্ণা চাকমা (নারী জাগরণ–ক্রীড়া), নাবিলা ইদ্রিস (মানবাধিকার)।

রাঙামাটির দুর্গম সীমান্তে সেনাবাহিনীর অভিযান, গুরুতর অসুস্থ নারীকে হেলিকপ্টারে সিএমএইচে স্থানান্তর

সেনাবাহিনীর হেলিকপ্টারে অসুস্থ নারীকে সিএমএইচে স্থানান্তর | ছবি: সেনাবাহিনীর ফেসবুক পেজ

ডেস্ক: জননিরাপত্তা নিশ্চিত করতে পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার আন্তর্জাতিক সীমান্তসংলগ্ন অত্যন্ত দুর্গম মাইনদারছড়া মুখ পাড়ায় বিশেষ সামরিক অভিযান পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী।

সোমবার (৮ ডিসেম্বর) সেনাবাহিনীর ভেরিফাইয়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

সেনাবাহিনী জানায়, পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর দুর্ভোগ লাঘবে ওই এলাকায় সোমবার বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করে সেনাবাহিনীর মেডিকেল টিম। এ সময় স্থানীয় জুমচাষী সাগা তংচংগার স্ত্রী সিনাবি তংচংগা (৬০) কিডনি ও পেটের গুরুতর জটিলতা নিয়ে চিকিৎসা নিতে আসেন।

দুর্গম এলাকায় তার উন্নত চিকিৎসা সম্ভব না হওয়ায় ডিভিশন সদরের তাৎক্ষণিক সিদ্ধান্তে আর্মি এভিয়েশনের হেলিকপ্টারে করে তাঁকে দ্রুত সিএমএইচ চট্টগ্রামে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

সেনাবাহিনী আরও জানায়, এই অভিযান শুধুমাত্র সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে পরিচালিত—প্রান্তিক পাহাড়ি জনগোষ্ঠীর বিরুদ্ধে নয়। পাহাড়ের প্রতিটি মানুষের নিরাপত্তা, সেবা ও শান্তি নিশ্চিত করতে সামরিক অভিযান ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।