রাঙ্গুনিয়ায় সাবেক বিএনপি সভাপতির কবরে শ্রদ্ধা জানাতে এমপি ও দলীয় নেতাকর্মীরা

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ইউনুছ তালুকদারের নবম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার (৮ মে)। এ উপলক্ষে তাঁর কবরে শ্রদ্ধা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার লালানগর ইউনিয়নে ইউনুছ চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন কবরস্থানে কবর জিয়ারত, ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়। এ সময় রাঙ্গুনিয়া সংসদীয় আসনের সংসদ সদস্য (এমপি) হুমাম কাদের চৌধুরী ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ চৌধুরী, লালানগর ইউনিয়ন যুবদলের সভাপতি এম এইচ সুমন, যুগ্ম আহ্বায়ক ইয়াকুবসহ লালানগর বিএনপি, যুবদল, ছাত্রদল ও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মরহুম ইউনুছ তালুকদার রাঙ্গুনিয়া উপজেলার বৃহত্তর হোসনাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং হোসনাবাদ-লালানগর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন। স্থানীয় রাজনীতিতে তিনি দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এদিকে বিকেলে উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু আহমেদ হাসনাত, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট কামাল হোসেন চৌধুরী, তফনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।