কর্ণফুলীতে নৌকাডুবি: ৩৪ ঘণ্টা পরও মেলেনি নববধূ কনিকা দাশের সন্ধান

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কর্ণফুলী নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ নববধূ কনিকা দাশের (২০) ৩৪ ঘণ্টা পার হলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি। উদ্ধার অভিযান চালিয়েও বৃহস্পতিবার রাত পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি।

নিখোঁজ কনিকা দাশ কোদালা ইউনিয়নের জেলে পাড়ার রুবেল দাশের স্ত্রী এবং চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের মৃণালপাড়া এলাকার দুলাল দাশের মেয়ে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন টিম লিডার জাহেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, “আমাদের টিম প্রস্তুত রয়েছে। নিখোঁজ কনিকা দাশের সন্ধান পেলে দ্রুত জানানোর জন্য কর্ণফুলী নদী সংলগ্ন বিভিন্ন এলাকায় অবহিত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্ঘটনার সময় নদীতে জোয়ারের শেষ মুহূর্ত চলছিল। পরে ভাটার টানে তিনি অনেক দূরে ভেসে যেতে পারেন।”

তিনি আরও জানান, ঘটনার দিন খবর পাওয়ার পর সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান অব্যাহত ছিল। তবে কোথাও তার সন্ধান পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কেউ নিখোঁজ কনিকা দাশের সন্ধান পেলে দ্রুত রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসকে জানানোর আহ্বান জানানো হয়েছে। জরুরি যোগাযোগ নম্বর: ০১৯০১০২১৫৮১

প্রসঙ্গত, বুধবার (২৭ মে) সকাল সাড়ে ১১টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা দেওয়ানজীর হাট ও কোদালা ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে ঝড়ো হাওয়ার কবলে পড়ে একটি নৌকা ডুবে যায়। এ ঘটনায় নববধূ কনিকা দাশ নিখোঁজ হন।

নৌকাডুবির পর স্থানীয়রা নৌকায় থাকা পাঁচজনকে জীবিত উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি করেন। আহতরা হলেন— রাজ ঘোষ (২), অনিশ ঘোষ (৬), পলি দাশ (২৫), তার স্বামী রুপন ঘোষসহ আরও একজন। তাদের মধ্যে শিশু রাজ ঘোষের অবস্থা আশঙ্কাজনক ছিল বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।