রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের ইউনুসিয়া মাদ্রাসার সামনে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলটি ট্রাকের নিচে ঢুকে যায়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
আহতরা হলেন বনগ্রাম এলাকার জসিমের ছেলে মো. আবচার (৩৫) এবং হাফেজপাড়া এলাকার খুরশেদের ছেলে মিনহাজ (২৫)।
স্থানীয় সূত্র জানায়, আহত আবচারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নগরের একটি হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত মিনহাজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
