রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হওয়ার দুই ঘণ্টার মধ্যে এজাহারনামীয় একমাত্র আসামি মো. ফজলু আলমকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২১ আগস্ট) রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চাঁদনগর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি একটি মাদ্রাসায় পড়াশোনা করে। শুক্রবার জুমার নামাজ শেষে মাদ্রাসায় ফেরার পথে ফজলু আলম তাকে মোটরসাইকেলে করে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে সঙ্গে নেন। পরে শিশুটিকে তার বাড়িতে নিয়ে গিয়ে একটি কক্ষে আটকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় শিশুটির বাবার অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাঙ্গুনিয়া মডেল থানায় মামলা করা হয়। মামলাটিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলা রুজুর পর রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান শুরু করে। পরে থানার এসআই মিজানুর রহমান, এসআই মাহফুজুর রহমান, এসআই আবু নাসের, এএসআই আব্দুর রহিম, এএসআই কিংকর, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মো. আলমগীরসহ পুলিশ সদস্যরা রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালান।
অভিযানের একপর্যায়ে মামলার দুই ঘণ্টার মধ্যে ফজলু আলমকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
