বাঁশখালী (চট্টগ্রাম) : চট্টগ্রামের বাঁশখালীতে অটোরিকশা চালক মামুনুর রশিদ হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মো. নাছিরকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার উপজেলার সাধনপুর ইউনিয়নের বানীগ্রাম ব্রাহ্মণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার নাছির (৪৩) পুকুরিয়া ইউনিয়নের চাঁনপুর এলাকার মো. ইসহাকের ছেলে।
র্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা এজাহারভুক্ত আসামি নাছিরকে আটক করা সম্ভব হয়।
মামলার তথ্য অনুযায়ী, গত ২ নভেম্বর প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বের হন চালক মামুনুর রশিদ। পথে মোক্তার হোসেন নামের একজন ভাড়ার কথা বলে তাকে চাঁনপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যান। সেখানে পাওনা টাকা নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে মোক্তার ও তার সহযোগীরা মামুনকে পিটিয়ে ও গলায় ফাঁস দিয়ে হত্যা করে পালিয়ে যায়।
ঘটনার পর নিহতের স্ত্রী বাঁশখালী থানায় পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব কর্মকর্তা আরও জানান, আটক নাছিরকে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
