অসহায় তিন পরিবারের পাশে এমপি এনামুল হক এনাম, ঘর করে দেওয়ার প্রতিশ্রুতি

পটিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লাওয়ারখীল গ্রামের হতদরিদ্র তিন পরিবারের বসতঘর অতিবৃষ্টি ও ঝোড়ো বাতাসে ভেঙে পড়েছে। আশ্রয়ের শেষ সম্বল হারিয়ে মো. ইয়াকুব, মো. নাসির ও আবদুল হাকিমের পরিবার এখন অনেকটা খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি উঠে আসার পর ওই তিন পরিবারের খোঁজখবর নিতে ছুটে যান পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। শনিবার বিকেলে বৃষ্টিতে ভিজে তিনি সরেজমিনে তিন পরিবারের দুর্দশার চিত্র দেখেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন পটিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাওন ভূঁইয়া।

পরিদর্শন শেষে এনামুল হক এনাম এমপি সাংবাদিকদের বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা হলো—যেখানে মানুষের সমস্যা, সেখানে স্থানীয় এমপি ও দলীয় নেতাকর্মীদের ছুটে যেতে হবে। লাওয়ারখীল এলাকার হতদরিদ্র পরিবারগুলোর খবর পেয়ে দেরি না করে প্রধানমন্ত্রীর আহ্বানে ছুটে এসেছি। এসে দেখলাম, তিনটি বসতঘর সম্পূর্ণ ভেঙে গেছে। শিগগিরই এ তিনটি বসতঘর তৈরি করে দেওয়া হবে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এ এলাকাটি বর্ষায় অতিরিক্ত পানিতে ডুবে থাকে। এ জন্য পানি উন্নয়ন বোর্ডকে বলে দিয়েছি, যাতে দ্রুত এখানে এসে ব্লক বসানোর ব্যবস্থা করা হয়।’

স্থানীয়রা বলেন, বিগত সময়ে ওই এলাকায় সংসদ সদস্য থাকা সত্ত্বেও মানুষের সমস্যায় কেউ এগিয়ে আসেননি। ফলে দীর্ঘদিন ধরে এলাকাটি অবহেলিত ছিল। এনামুল হক এনাম এমপি নির্বাচিত হওয়ার পর অবহেলিত এলাকাটি পরিদর্শনে আসায় তারা আশার আলো দেখছেন।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম, জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মঈনুল আলম ছোটন, জেলা বিএনপির সাবেক সহ-অর্থ সম্পাদক মোরশেদ শফি হিরু, উপজেলা বিএনপি নেতা মো. ইসমাইল, মাহবুবুর রহমান, মো. সাইফুদ্দীন, মুজিবুর রহমান, আজিজুর রহমান সায়েম, জাসাস নেতা মো. হারুন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এসএম নয়ন, রেজাউল করিম মিজান, ছাত্রদল নেতা মো. তুষার, কামরুল ইসলাম জুয়েল, সাকিবসহ স্থানীয় নেতাকর্মীরা।