লোহাগাড়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের লোহাগাড়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মহাসড়কে চলাচলকারী যাত্রীবাহী বাসে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ সময় নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে চারটি বাসকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি সাতটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলা সদরের মাশাবির সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২৫ অমান্য করে বিকট শব্দের হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে মারসা পরিবহনকে ৩ হাজার টাকা, শ্যামলী পরিবহনকে ৩ হাজার টাকা, ঈগল পরিবহনকে ২ হাজার ৫০০ টাকা এবং পুরবী পরিবহনকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন। এ সময় পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলার পরিদর্শক চন্দন বিশ্বাস, লোহাগাড়া থানার এএসআই লূৎফুর রহমান, উপজেলা ভূমি অফিসের নাজির সাহেদুল ইসলামসহ পুলিশের একটি দল উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন জানান, নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী হর্ন ব্যবহারের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় শব্দদূষণ নিয়ন্ত্রণে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
