রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অভিযান চালিয়ে ১৮ হাজার ৮৯০ প্যাকেট অবৈধ সিগারেটসহ একটি ডাম্পার ট্রাক আটক করেছে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)। এ সময় তৌহিদুল ইসলাম (২১) ও সাহেদুর ইসলাম নয়ন (২২) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার করা সিগারেটের আনুমানিক মূল্য ৮৩ লাখ ৩ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বুধবার (৭ অক্টোবর) ভোর ৪টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাঙ্গুনিয়া উপজেলার চট্টগ্রাম-কাপ্তাই সড়কের ইকো পার্ক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদীর দিকনির্দেশনায় নায়েব সুবেদার মো. আহসান হাবিবের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান চালায়। এ সময় সড়কের ওপর একটি ডাম্পার ট্রাকে তল্লাশি চালিয়ে ১৭ হাজার ৯০ প্যাকেট প্যাট্রন (Patron) এবং ১ হাজার ৮০০ প্যাকেট অরিস (Oris) সিগারেট উদ্ধার করা হয়।
পরে ডাম্পার ট্রাকটি জব্দ করা হয় এবং ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। আটক তৌহিদুল ইসলাম রাঙ্গুনিয়া উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের এবং সাহেদুর ইসলাম নয়ন শিলক গ্রামের বাসিন্দা।
বিজিবি জানিয়েছে, সিগারেটগুলো সীমান্তবর্তী এলাকা থেকে কাপ্তাই লেক হয়ে কাপ্তাই-চট্টগ্রাম সড়ক দিয়ে পাচার করা হচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব সিগারেট আটক করা হয়।
আটক ব্যক্তিদের, উদ্ধার করা সিগারেট ও ডাম্পার ট্রাকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদের রাঙ্গুনিয়া থানায় হস্তান্তরের পক্রিয়া চলছে বলে জানিয়েছে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)।
কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও নিয়মিত আভিযানিক টহলের মাধ্যমে চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, বুধবার দুপুর পৌনে ২টার দিকে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘তারা থানায় এসেছেন। আমাদের কাছে হস্তান্তর করছেন। পুরো বিষয়টি বুঝে পাওয়ার পর বিস্তারিত জানানো যাবে।’
