ডেস্ক রিপোর্ট: বিয়ের আনন্দে মুখর থাকার কথা ছিল বাড়ি। চারদিকে চলছিল বিয়ের আয়োজন। শুক্রবার বিয়ে, শনিবার বৌভাত। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই বিষাদে রূপ নিল। বিয়ের একদিন আগে, গায়ে হলুদের দিনই না ফেরার দেশে চলে গেলেন আরিফ শাহরিয়ার সৌমিক (২২)। ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় গাইবান্ধা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সৌমিককে মৃত ঘোষণা করা হয়। শুক্রবার সকালে তাঁর বোন শারমিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
সৌমিক গাইবান্ধা পৌর এলাকার ডেভিড কোম্পানি পাড়ার সুলতান মিয়ার ছেলে। তিনি ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী ছিলেন।
পরিবারের বরাতে জানা যায়, প্রায় এক মাস আগে ঢাকা থেকে বাড়িতে ফেরেন সৌমিক। এর মধ্যে চার দিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে তাঁর শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গেলে শহরের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয় তাঁকে। সেখানে চিকিৎসকের ব্যবস্থাপত্র নেওয়ার পর দুপুরে বাড়িতে নিয়ে আসেন স্বজনরা।
পরে বিকেলের দিকে শারীরিক অবস্থার আরও অবনতি হলে দ্রুত তাঁকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার সৌমিকের বিয়ের দিন নির্ধারিত ছিল। পরদিন শনিবার দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে বৌভাতের আয়োজন করার কথা ছিল। নতুন জীবনের স্বপ্ন ঘিরে দুই পরিবারে চলছিল আনন্দ-উৎসবের প্রস্তুতি। কিন্তু সৌমিকের আকস্মিক মৃত্যুতে সেই আনন্দ পরিণত হয়েছে শোকে।
তাঁর মৃত্যুতে দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও শোক প্রকাশ করছেন অনেকে। বিয়ের আনন্দের ঠিক আগমুহূর্তে সৌমিকের এমন চলে যাওয়া স্বজন ও পরিচিতজনদের গভীরভাবে শোকাহত করেছে।
